করোনা পরীক্ষায় অনিয়ম, প্রাভার কার্যক্রম স্থগিত

আপডেট : ০২ আগস্ট ২০২১, ২২:৫৩

নানা অনিয়ম পাওয়ার কথা জানিয়ে প্রাভা হেলথের সব কার্যক্রম সাময়িক বন্ধ রাখার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। গতকাল সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) ডা. ফরিদ হোসেন মিঞা এ-সংক্রান্ত একটি চিঠি পাঠিয়েছেন। প্রাভা হেলথকেয়ারের ব্যবস্থাপনা পরিচালককে পাঠানো ঐ চিঠিতে বলা হয়েছে, স্বাস্থ্য অধিদপ্তরের গঠিত তদন্ত কমিটি ঐ প্রতিষ্ঠানটি পরিদর্শন করে বিভিন্ন অনিয়ম দেখতে পেয়েছে, যা অগ্রহণযোগ্য। এ অবস্থায় তদন্ত কমিটির দেওয়া প্রতিবেদনের আলোকে প্রতিষ্ঠানটির কার্যক্রম সাময়িক স্থগিত করা হলো।

২০১৮ সালে মোবাইল অ্যাপের মাধ্যমে চিকিত্সকের পরামর্শ ও  অন্যান্য স্বাস্থ্যসেবা চালুর ঘোষণা দিয়ে আলোচনায় আসে প্রাভা হেলথ। স্বাস্থ্যবিষয়ক পরামর্শ, রোগ নির্ণয়, ওষুধ, অনলাইনে স্বাস্থ্যবিষয়ক পরামর্শ, স্বাস্থ্য পরীক্ষাসহ চিকিত্সা-সংক্রান্ত নানা সেবা দেয় প্রতিষ্ঠানটি। করোনা ভাইরাস মহামারি শুরুর পর কোভিড-১৯-এর নমুনা পরীক্ষাও করে আসছিল প্রতিষ্ঠানটি। প্রাভা হেলথের প্রধান কার্যালয় রাজধানীর বনানীর ১৭ নম্বর সড়কে।

স্বাস্থ্য অধিদপ্তরের চিঠিতে অভিযোগ করা হয়েছে, করোনা ভাইরাসের নমুনা কালেকশন বুথে পৃথক ডনিং এবং ডফিং রুম থাকার নিয়ম থাকলেও প্রাভা হেলথে একই কক্ষে দুটি কাজই চলছিল। আরটিপিসিআর পরীক্ষার রিপোর্টে বিএমডিসির নিবন্ধিত এক জন চিকিত্সকের স্বাক্ষর প্রয়োজন, কিন্তু প্রাভা হেলথের দেওয়া কোনো প্রতিবেদনে তা ছিল না বলে অধিদপ্তর জানিয়েছে। প্রত্যেক বিদেশগামী যাত্রীদের করোনা ভাইরাসের নমুনা পরীক্ষার জন্য সরকারি নির্ধারিত ফি সর্বোচ্চ ২৫০০ টাকা নেওয়ার কথা থাকলেও প্রাভা হেলথ নিবন্ধন ফির নামে অতিরিক্ত ১৫০ টাকা আদায় করছিল।

স্বাস্থ্য অধিদপ্তরের চিঠিতে বলা হয়েছে, প্রাভা হেলথ তাদের ওয়েবসাইটে বিশ্বস্বাস্থ্য সংস্থাকে তাদের ‘পার্টনার’ বলে দাবি করছে। স্বাস্থ্য অধিদপ্তর বিষয়টির ব্যাখ্যা চাইলে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি। বরং ঐ শব্দটি পরিবর্তন করে ‘আওয়ার করপোরেট ক্লায়েন্টস’ জুড়ে দিয়েছে। এসব বিষয়ে প্রাভা হেলথের কোনো কর্মকর্তা বক্তব্য দিতে রাজি হননি। 

গত ৭ জুলাই প্রাভা হেলথের বিরুদ্ধে নমুনা পরীক্ষায় ভুল রিপোর্ট দেওয়ার অভিযোগ আনে সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদের পরিবার। অভিযোগে বলা হয়, প্রাভা হেলথের ভুল রিপোর্টের পর তাদের বিদেশ ভ্রমণ বাতিল হয়। প্রাভা হেলথ কর্তৃপক্ষ নতুন করে আর নমুনা পরীক্ষা করাতে রাজি হয়নি। পরে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও রোগ গবেষণাকেন্দ্রে (আইইডিসিআর) নমুনা পরীক্ষা করে তারা করোনা নেগেটিভ আসেন। ভুল ফল দেওয়া হয়েছে জানিয়ে স্বাস্থ্য অধিদপ্তরে লিখিত অভিযোগ জানায় ব্যারিস্টার শফিক আহমেদের পরিবার।