দেড় বছরে ১৬ হাজার করোনা বেড স্থাপন হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

আপডেট : ০৩ আগস্ট ২০২১, ০০:০৭

নবনির্মিত শহিদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজ হাসপাতালের বহির্বিভাগ সেবা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। সোমবার বিকালে ঢাকা থেকে ভার্চুয়াল মাধ্যমে এ সেবা কার্যক্রমের উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. জাহিদ মালেক স্বপন।

এ সময় স্বাস্থ্য মন্ত্রী বলেন, দেড় বছর ধরে করোনার প্রাদুর্ভাব চলেছে। এ সময়ের মধ্যে আমরা ১০০টি সেন্ট্রাল অক্সিজেন লাইন স্থাপন করেছি, ৬৫০টি ল্যাবে ৫০ হাজার নমুনা পরীক্ষা করা হচ্ছে। ১৬ হাজার করোনা বেড স্থাপন করা হয়েছে। একই হাসপাতালে সাধারণ রোগী, করোনা ও ডেঙ্গু রোগীদের আলাদাভাবে চিকিত্সা দেওয়া হচ্ছে। তিনি জানান, শহিদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজ হাসপাতালে আউটডোরের পাশাপাশি ইনডোরে করোনা রোগীর চিকিত্সার ব্যবস্থা করা হবে। প্রয়াত নেতা মোহাম্মদ নাসিমকে বারবার স্মরণ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘মোহাম্মদ নাসিম শুধু জাতীয় নেতা ছিলেন না, তিনি আমার বড় ভাইয়ের মতো ছিলেন। আমাদের অনেক কিছু শিখিয়েছেন। তার হাতে গড়া এ প্রতিষ্ঠানটিতে মানুষ যাতে সঠিক চিকিত্সা পায় সে লক্ষ্যেই আমরা কাজ করব এবং আমার মানিকগঞ্জের আগে সিরাজগঞ্জের এই হাসপাতালটির কাজ পূর্ণাঙ্গভাবে শেষ করব।’

সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্নার সভাপতিত্বে অনুষ্ঠানে সচিবালয় প্রান্ত থেকে বক্তব্য রাখেন সিনিয়র সচিব (স্বাস্থ্যসেবা) লোকমান হোসেন মিয়া, স্বাস্থ্য শিক্ষা ও পরিকল্পনা বিভাগের সচিব মো. আলী নূর, অতিরিক্ত সচিব সাইদুর রহমান, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এ বি এম খোরশেদ আলম, সিরাজগঞ্জ প্রান্তে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি কে এম হোসেন আলী হাসান, চেম্বার সভাপতি আবু ইউসুফ সূর্য এবং শহিদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা. আমিরুল হোসেন চৌধুরী। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন লাইন ডাইরেক্টর ডা. সামিউল ইসলাম।

উল্লেখ্য যে, ২০১৫ সালে ৮৮২ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে ৩০ দশমিক ৯০ একর জায়গার ওপর শহরের পাশেই শিয়ালকোল এলাকায় শহিদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজ ও ৫০০ শয্যা হাসপাতালের নির্মাণকাজ শুরু হয়। আগামী ডিসেম্বরে পূর্ণাঙ্গভাবে চালু হবে হাসপাতালটি। তবে এক বছর আগেই আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে মেডিক্যাল কলেজের কার্যক্রম।