টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনার টিকা দেওয়ার সময় সম্পূর্ণ ওষুধ পুশ না করেই সিরিঞ্জ ফেলে দেওয়ার ঘটনা ঘটেছে। এই অভিযোগে গঠিত তদন্ত কমিটি ঘটনার সত্যতা পেয়েছে। গত রবিবারের এই ঘটনায় টাঙ্গাইলের সিভিল সার্জন কর্তৃক গঠিত তিন সদসে্যর কমিটি গতকাল সোমবার রিপোর্ট জমা দেয়।
তদন্ত রিপোর্টে অভিযুক্ত সহকারী স্বাস্থ্য পরিদর্শক সাজেদা আফরিনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে। কমিটির প্রধান ডেপুটি সিভিল সার্জন ডা. শামীম হোসাইন জানান, রবিবার দেলদুয়ার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উক্ত সহকারী স্বাস্থ্য পরিদর্শক করোনার টিকা দেওয়ার সময় সম্পূর্ণ ওষুধ পুশ না করেই সিরিঞ্জ ফেলে দেওয়ার বিষয়টি প্রথমে টিকা নিতে আসা লোকজনের নজরে আসলে তারা হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. শামীম হোসেনকে অবহিত করেন।
তিনি তাত্ক্ষণিক তাকে দিয়ে টিকা দেওয়া বন্ধ করে দেন। বিষয়টি তিনি সিভিল সার্জনকে অবহিত করলে তিনি তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করে একদিনের মধ্যেই প্রতিবেদন দিতে বলেন। সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. শাহাবুদ্দিন খান জানান, নির্দেশনার জন্য তিনি তদন্ত প্রতিবেদন ঢাকায় স্বাস্থ্য অধিদপ্তরে পাঠিয়েছেন।
এ ব্যাপারে অভিযুক্ত সাজেদা আফরিন বলেন, ভুলবশত এমন হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রবীর কুমার মোবাইলে বলেন, তদন্তে ঘটনার সত্যতা পাওয়ায় অভিযুক্তের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সুপারিশ পাঠানো হয়েছে।
