এই সময়ের ছড়া
দীপ মুখোপাধ্যায়
দুই দিকে গাছপালা পাখিরাও নিজেদের মতো
রাস্তা গড়িয়ে গেছে ধুলোবালি মাখামাখি কত
একটা গরুরগাড়ি থেমে আছে ছায়া খুঁজে নিয়ে
পলক পড়ে না চোখে আনমনে থেকেছি তাকিয়ে।
বাঁশঝাড়ে হুল্লোড় তুলেছিল পাগলাটে হাওয়া
দেখেছি বকের ঝাঁক, দিশেহারা উড়ে চলে যাওয়া
কাছেই চিকনশোভা লালনীল প্রজাপতি ওড়ে
আমিও এগিয়ে চলি চিরচেনা দাগ ধরে ধরে।
রোদের আলস্যভাব ঝরে পড়ে যেই আশেপাশে
আকাশের মেঘগুলো হাতছোঁয়া নিচু হয়ে আসে
আলো মাখামাখি করে তবু আমি লাগিয়েছি ছুট
মাথায় পড়েছি আজ চিকচিকে রোদের মুকুট।
ছেলেবেলা আজ যেন ছায়াডোরা ছবি ফাঁকা ফাঁকা
তবুও সোহাগে মাখা ধুয়ে মুছে ভাঁজ করে রাখা।
