জবি সংবাদদাতা
দিনের বেলায় বহিষ্কার হওয়ার পর রাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রলীগের দুই কর্মী ইয়াবাসহ আটক হয়েছে। গত সোমবার রাত ১১টার দিকে পুরান ঢাকার ধুপখোলা মাঠের পাশে থেকে তাদের আটক করা হয়। মাদকসহ গ্রেপ্তার হওয়া দুইজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আটক ছাত্ররা হলেন জবি শাখা ছাত্রলীগের কর্মী গণিত বিভাগের ১৩ ব্যাচের শিক্ষার্থী মো. শাহরিয়ার রহমান শান্ত (সাময়িক বহিষ্কৃত) ও একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের ১০ম ব্যাচের শিক্ষার্থী মো. নিক্সন।
গত মঙ্গলবার মামলার তদন্ত কর্মকর্তা গেন্ডারিয়া থানার এসআই উত্তম কুমার আসামিদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম আবু সাঈদ তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. নূর মোহাম্মদ বলেন, মাদকদ্রব্যসহ আটক শিক্ষার্থীর বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা নেয়া হবে।
