বিনোদন রিপোর্ট
ছোটপর্দা দিয়ে যাত্রা শুরু করা অভিনেতা আনিসুর রহমান মিলন বড়পর্দায়ও সাফল্য ধরে রেখেছেন। বেশকিছু সিনেমা দিয়ে এরইমধ্যে দর্শকহূদয়ে জায়গা করে নিয়েছেন তিনি। অভিনয়ের পাশাপাশি পরিচালনার সঙ্গেও নিজেকে যুক্ত রেখেছেন দীর্ঘদিন ধরেই। প্রতিবছর একটি করে নাটক নির্মাণ করছেন মিলন। গত ঈদেও প্রচার হয় তার নির্মিত ‘অবসেশন’ নাটকটি। সেই ধারাবাহিকতায় এবার তিনি চলচ্চিত্র পরিচালনায় নাম লেখাতে যাচ্ছেন। জানা গেছে, ‘লাল বাকসো’ শিরোনামের একটি ছবি পরিচালনা করবেন তিনি। ছবিটি প্রযোজনা করবে ওটিটি প্লাটফর্ম সিনেবাজ। এ প্রসঙ্গে আনিসুর রহমান মিলন বলেন, ‘আমি এরইমধ্যে বেশ কয়েকটি নাটক নির্মাণ করেছি। বলতে পারেন, ছবি নির্মাণের প্রস্তুতি ছিল সেগুলো। অবশেষে ছবি নির্মাণে যুক্ত হতে পারা আমার জন্য আনন্দের। লাল বাকসো সিনেমার গল্পের সন্ধান পাই ২ বছর আগে একটা শুটিংসেটে। গল্পটা নিয়ে গত বছর থেকে কাজ করছিলাম। এটির চিত্রনাট্য লিখেছেন মাসুম রেজা। লেখার কাজ শেষ হয়েছে, এখন শুটিংয়ের প্রস্তুতি চলছে। সিনেমাটি মূলত বানাচ্ছি সিনেমা হলের জন্য। কিন্তু ওটিটি প্লাটফর্মেও দেখা যাবে।’
উল্লেখ্য, মিলনে বড়পর্দায় যাত্রা শুরু হয় সুচন্দা পরিচালিত ‘হাজার বছর ধরে’ ছবির মাধ্যমে। এরপর ‘দেহরক্ষী’, ‘রাজনীতি’, ‘ব্ল্যাকমেইল’ ‘অনেক সাধের ময়না’সহ বেশকিছু ছবিতে অভিনয় করেছেন তিনি।
