এপার বাংলার সংগীতশিল্পী লুত্ফর হাসার এবং ওপার বাংলার কণ্ঠশিল্পী মেখলা কণ্ঠে আগামীকাল প্রকাশ পাচ্ছে নতুন গান ‘এই তো আকাশ’। গানটি লিখেছেন গালিব সর্দার ও ডাল্টন এবং সুর করেছেন গালিব ও শুভ। সংগীতায়োজন করেছেন শুভ সুলতান। এতে সরোদ বাজিয়েছেন কলকাতার বাদক প্রতীক শ্রীবাস্তব পিকু। জানা গেছে, এরইমধ্যে গানটির একটি নান্দনিক মিউজিক ভিডিও তৈরি করা হয়েছে। গানটি প্রসঙ্গে লুত্ফর হাসান বলেন, ‘দারুণ কথায় খুবই সুন্দর একটি গান এই তো আকাশ। গানটির গল্পের সঙ্গে মিল রেখে মিউজিক ভিডিওটি নির্মাণ করা হয়েছে। মেখলার গায়কীও অনেক ভালো হয়েছে। মেখলার গান শুনে বিমোহিত হয়ে কবিতা লিখেছিলাম, সেই কবিতায় ছিল মেখলার কথা। লেখার সূত্র ধরে গালিবের মাধ্যমে আমাদের পরিচয়। তারপর সবাই মিলে এই গানটি তৈরি করা হলো। অপেক্ষা সেটি প্রকাশের।’ উল্লেখ্য, লুত্ফর হাসানের নিজেস্ব ইউটিউব চ্যানেলের আনুষ্ঠানিক যাত্রা হচ্ছে আগামীকাল এই গানটি প্রকাশের মধ্য দিয়ে।
