বিবিসি ও রয়টার্স
ইউক্রেনের রাজধানী কিয়েভে বেলারুশের নির্বাসিত একজন অ্যাক্টিভিস্টের লাশ তার বাসস্থানের কাছে একটি পার্কে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে। তিনি নিখোঁজ এমন অভিযোগ আসার এক দিন পর গতকাল মঙ্গলবার ভোররাতে তার লাশ পাওয়া যায় বলে এক বিবৃতিতে জানিয়েছে ইউক্রেনীয় পুলিশ। জগিং করার জন্য বের হয়ে ভিতালি শিশোভ আর বাড়িতে ফিরে আসেননি বলে সোমবার অভিযোগ করেছিলেন তার সঙ্গী।
শিশোভ কিয়েভভিত্তিক একটি সংগঠন পরিচালনা করতেন। সংগঠনটি নিগ্রহের শিকার হয়ে বেলারুশ থেকে পালিয়ে আসা লোকজনকে সহায়তা করত। ইউক্রেনের পুলিশ জানিয়েছে, ঘটনার বিষয়ে একটি হত্যা মামলা দায়ের করেছে তারা। পুলিশের সন্দেহ, শিশোভকে হত্যার পর অপরাধ আড়াল করার জন্য হত্যাকারীরা ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে দেখানোর চেষ্টা করেছে। এক বিবৃতিতে শিশোভের সহকর্মীরা জানিয়েছেন, গত বছর সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেওয়ার পর শিশোভ বেলারুশ ত্যাগ করলেও তাকে ধারাবাহিকভাবে নজরদারিতে রাখা হয়েছিল। অপহরণ অথবা খুনের মতো সম্ভাব্য হুমকির বিষয়ে তাকে সতর্ক করা হয়েছিল। এক বিবৃতিতে পুলিশ বলেছে, ‘বেলারুশের নাগরিক ভিতালি শিশোভ, যিনি গতকাল কিয়েভে নিখোঁজ হয়েছিলেন, তাকে আজ একটি পার্কে ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে, স্থানটি তার বাসস্থানের কাছেই।’
গত বছর এক বিতর্কিত নির্বাচনের পর বিরোধীদের ওপর দমন-পীড়ন শুরু করেন বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্দার লুকাশেঙ্কো। তখন সরকারবিরোধী অনেকেই দেশটি থেকে পালিয়ে প্রতিবেশী ইউক্রেন, পোল্যান্ড ও লিথুয়ানিয়ায় আশ্রয় নেওয়া শুরু করে। শিশোভ বেলারুশিয়ান হাউজ ইন ইউক্রেন (বিডিইউ) নামের একটি সংগঠন পরিচালনা করতেন।
