আবারও নিকারাগুয়ার প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেবেন ওর্তেগা

আপডেট : ০৩ আগস্ট ২০২১, ২১:১০

এএফপি

নিকারাগুয়ায় চলতি বছরের নভেম্বরে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রেসিডেন্ট ড্যানিয়েল ওর্তেগা এ নির্বাচনে প্রার্থী হচ্ছেন। জয়ী হলে তিনি হবেন চতুর্থ মেয়াদে দেশটির প্রেসিডেন্ট। তার দল সান্দিনিশতা ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট (এফএসএলএন) সোমবার এ কথা নিশ্চিত করেছে। নির্বাচনে ওর্তেগার রানিং মেট থাকবেন তার স্ত্রী ও বর্তমান ভাইস প্রেসিডেন্ট রোজারিও মোরিলো।

দলের ভার্চুয়াল কংগ্রেসে ২ হাজার ৯৩২ সদস্যের সকলে তাদের প্রার্থিতার বিষয়টি অনুমোদন করেছে। ৭৫ বছর বয়সি সাবেক বামপন্থি ওর্তেগা ২০০৭ সাল থেকে দেশটির ক্ষমতায় রয়েছেন। বিরোধীরা তার বিরুদ্ধে কর্তৃত্ববাদের অভিযোগ এনেছেন। এদিকে গত ২০১৭ সালের নির্বাচনের পর তার ৭০ বছর বয়সি স্ত্রী দেশটির ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব পালন করে আসছেন।

নিকারাগুয়ার সরকারের বিরুদ্ধে দমনপীড়নের অভিযোগ রয়েছে। গত দুই মাসে বিরোধী পক্ষের ৩০ জনকে গ্রেফতার কর হয়। এদের মধ্যে অন্তত সাত জন সম্ভাব্য প্রেসিডেন্ট প্রার্থী রয়েছেন।