ওমান উপকূলে তেল ট্যাংকারে হামলা পালটাপালটি কূটনীতিক তলব করল যুক্তরাজ্য ও ইরান

আপডেট : ০৩ আগস্ট ২০২১, ২১:১১

বিবিসি

ওমান উপকূলে তেলের ট্যাংকারে প্রাণঘাতী হামলার জেরে পরস্পরের কূটনীতিককে তলব করেছে যুক্তরাজ্য ও ইরান। এই হামলার জন্য তেহরানকে দায়ী করেছে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও ইসরাইল। সোমবার লন্ডন ও তেহরানে আলাদাভাবে পরস্পরের কূটনীতিককে তলব করা হয়। গত বৃহস্পতিবার ওমান উপকূলে হামলার শিকার হয় ইসরাইলি প্রতিষ্ঠান পরিচালিত ট্যাংকার এমভি মারসার স্ট্রিট। হামলায় এক ব্রিটিশ ও এক রোমানিয়ানের মৃত্যু হয়। হামলার জন্য ইরানকে দায়ী করেছেন ইসরাইলি প্রধানমন্ত্রী নাফতালি বেনেট। তবে এই অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে ইরান।

তেলের ট্যাংকারে বিস্ফোরণকে ‘বেআইনি হামলা’ বলে মনে করে ব্রিটিশ সরকার। সোমবার যুক্তরাজ্য ইরানের রাষ্ট্রদূতকে তলব করে এই অবস্থানের কথা জানিয়ে দিয়েছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন এ ঘটনাকে বাণিজ্যিক জাহাজের ওপর অগ্রহণযোগ্য ও অপমানজনক হামলা আখ্যা দিয়েছেন। তিনি বলেন, ইরান যা করেছে, তার জন্য তাদের পরিণাম ভোগ করা উচিত।

এদিকে ইরানের বিরুদ্ধে তেলের ট্যাংকারে হামলার অভিযোগ তোলায় তেহরানে ব্রিটিশ চার্জ দ্য অ্যাফেয়ার্স এবং রোমানিয়ার শীর্ষ কূটনীতিককে তলব করে প্রতিবাদ জানানো হয়। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সায়িদ খতিবজাদেহ সতর্ক করে বলেন, জাতীয় স্বার্থরক্ষা করতে কোনো দ্বিধা করবে না ইরান।