জন্ম-মৃত্যু নিবন্ধনে ভোগান্তি

আপডেট : ০৩ আগস্ট ২০২১, ২১:১৮

বর্তমানে জন্ম নিবন্ধন ও মৃত্যু সনদের ওপর বেশ গুরুত্বারোপ করা হয়েছে। সাধারণত বিয়ে, পাসপোর্ট, স্কুলে ভর্তিসহ নানা কাজে জন্ম নিবন্ধন সনদ প্রয়োজন হয়। এখন সন্তানদের পাশাপাশি অভিভাবকদেরও জন্ম নিবন্ধনের প্রয়োজন পড়ছে। যাদের জন্ম ২০০১ সালের পর তাদের জন্ম নিবন্ধনের জন্য বাবা-মায়ের জন্ম সনদ বাধ্যতামূলক। কিন্তু এই জন্ম নিবন্ধন করতে বেশ হয়রানি হতে হচ্ছে সাধারণ মানুষকে। সরকারিভাবে নির্দিষ্ট ফি বেঁধে দেওয়া হলেও অতিরিক্ত অর্থ নেওয়া হচ্ছে। নিবন্ধন করতে ৫০ থেকে ১০০ টাকার কথা উল্লেখ থাকলেও সেখানে ৩০০-৪০০ টাকা নেওয়া হচ্ছে বিভিন্ন অজুহাতে। শুধু তাই নয়, নিবন্ধন করতে একাধিকবার যাওয়া লাগছে কাউন্সিলরের কার্যালয় বা ইউনিয়ন পরিষদে। পরিশেষে, জন্ম ও মৃত্যু নিবন্ধনের সনদ পাওয়ার ক্ষেত্রে অতিরিক্ত ফি আদায় বন্ধ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আশু প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিনীত আবেদন জানাই।

রিয়াদ হোসেন

শিক্ষার্থী, সরকারি বিএল কলেজ, খুলনা