দিনাজপুর অফিস
দিনাজপুরের বীরগঞ্জে বৃষ্টিতে কুড়ি টাকিয়া সড়কের কালভার্ট ভেঙে পড়ায় বিচ্ছিন্ন রয়েছে সব ধরনের যোগাযোগব্যবস্থা। এতে চরম দুর্ভোগে পড়েছেন এলাকার প্রায় ৫০ হাজার মানুষ। সোমবার সকালে কালভার্টটি ভেঙে পড়ে।
স্থানীয় বাসিন্দা মো. মোস্তফা জানান, সামান্য বৃষ্টিতে সোমবার সকালে উপজেলার পাল্টাপুর ইউনিয়নের ভাতগাঁও ব্রিজ মোড় হতে সনকা বাজার যাওয়ার রাস্তায় অবস্থিত কুড়ি টাকিয়া সড়কের কালভার্টটি হঠাত্ ভেঙে পড়ে। ঘটনার পর থেকে সড়কটিতে চলাচল বন্ধ হয়ে যায়। এতে এলাকার প্রায় ৫০ হাজার মানুষ সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।
উপজেলার পাল্টাপুর ইউপি চেয়ারম্যান মো. তহিদুল ইসলাম জানান, সকালে বৃষ্টি শুরু হলে হঠাত্ করে কালভার্টটি ভেঙে পড়ে। এতে মানুষ চলাচলসহ সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রকৌশলীকে অবহিত করা হয়েছে। কালভার্টটি ইউনিয়নের সঙ্গে জেলা সদর দিনাজপুরের যোগাযোগব্যবস্থার একমাত্র সহজ মাধ্যম। তাই একটি বিকল্প ব্রিজ নির্মাণ এবং দ্রুত সময়ে একটি স্থায়ী ব্রিজ নির্মাণ না করা হলে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে এ এলাকার মানুষ। বিশেষ করে উত্পাদিত কৃষিপণ্য নিয়ে চরম বেকায়দায় পড়বে কৃষকরা।
উপজেলা প্রকৌশলী আব্দুল মান্নাফ জানান, ভেঙে পড়া কালভার্টটি স্বাধীনতার আগে নির্মিত এবং ঝুঁকিপূর্ণ ছিল। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। সেখানে ৩ কোটি টাকা ব্যয়ে স্লুইস গেটের আদলে একটি রেগুলেটর নির্মাণের দরপত্র আগামী মাসে আহ্বান করা হবে বলে আশ্বাস পাওয়া গেছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল কাদের জানান, যোগাযোগব্যবস্থা স্বাভাবিক রাখতে আমরা সেখানে দ্রুত একটি কাঠের সাঁকো নির্মাণের সিদ্ধান্ত নিয়েছি।
