রাজারহাটে টিকা কেন্দ্রে ভিড়

আপডেট : ০৩ আগস্ট ২০২১, ২১:২৩

রাজারহাট (কুড়িগ্রাম) সংবাদদাতা

রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা টিকা নিতে আগ্রহী মানুষের উপচে পড়া ভিড় লক্ষ করা গেছে। সরজমিনে দেখা যায়, বিভিন্ন বয়সের নারী-পুরুষ স্বাস্থ্যবিধি মেনে দীর্ঘ সারিতে দাঁড়িয়ে টিকা নেওয়ার জন্য অপেক্ষা করছেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর পর্যন্ত উপজেলার ১৭ হাজার ২৬৩ জন টিকার জন্য রেজিস্ট্রেশন করেছেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আসাদুজ্জামান জানান, উপজেলায় মানুষের মধ্যে করোনা টিকা নিতে আগ্রহ বাড়ছে। উপজেলার সাতটি ইউনিয়নে তিন দিন গড়ে ১ হাজার ৮০০ জনকে টিকা দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।