শ্যামনগর (সাতক্ষীরা) সংবাদদাতা
শ্যামনগরে মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে ট্রলি চাপায় হাসান সরদার নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। উপজেলা সদরের সোনার মোড় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। তিনি খ্যাগড়াঘাট গ্রামে কামরুজ্জামান সরদারের ছেলে। হাসান ইট ভাঙা মেশিনযোগে কর্মস্থলে যাওয়ার সময় চলন্ত ট্রলি থেকে নিচে পড়ে যান। পরে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিত্সক হাইকুল ইসলাম তাকে মৃত ঘোষণা করেন। শ্যামনগর থানার ওসি ওয়াহিদ মুর্শেদ বলেন, সুরতহাল রিপোর্ট শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
তানোর (রাজশাহী) সংবাদদাতা জানান, তানোরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে সাহানাজ বেগম (২২) নামের এক নববধূর মৃত্যু হয়েছে। তানোর পৌরশহরের এলাকার আসতুলমোড়ে সোমবার সন্ধ্যা ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত সাহানাজ বেগম পৌর এলাকার ধানতৈড় গ্রামের আকাশ আলীর স্ত্রী। তিন মাস আগে তাদের বিয়ে হয়।
তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) রাকিবুল হাসান বলেন, চালকসহ ট্রাকটি জব্দ করা হয়েছে। নিহত নবনধূর বাবা বাদী হয়ে মামলা দায়ের করেছেন।
