আত্রাই (নওগাঁ) সংবাদদাতা
আত্রাইয়ে পুলিশ পরিচয় দিয়ে চাঁদাবাজির সময় দুই যুবককে গ্রেফতার করা হয়েছে। সোমবার সন্ধ্যায় উপজেলার ডুবাই গ্রামে এ ঘটনা ঘটে। আটককৃতরা হলো নওগাঁর মহাদেবপুর উপজেলার ঈশ্বরলক্ষ্মীপুর গ্রামের মোনায়েম হোসেন ও কায়েস্তাপাড়া গ্রামের রতন আলী।
জানা যায়, ডুবাই গ্রামে একটি মুদির দোকানে মোনায়েম ও রতন নিজেদের পুলিশ (ডিএসবি) পরিচয় দিয়ে চাঁদা দাবি করেন। এ সময় স্থানীয় লোকজনের সন্দেহ হলে তাদের আটক করে আত্রাই থানা পুলিশকে সংবাদ দেন।
আত্রাই থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, গ্রেফতারকৃতরা পেশাদার চাঁদাবাজ। তাদের কাছ থেকে একটি মোটরসাইকেল, সাতটি মোবাইল সেট, বাংলাদেশ পুলিশ লেখা মানিব্যাগ, একটি চাকু, চাঁদার ১ হাজার টাকা ও চাবুকসহ বেশ কিছু সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে। মঙ্গলবার তাদের নওগাঁ জেলহাজতে পাঠানো হয়।
