কালাই (জয়পুরহাট) সংবাদদাতা
কালাই উপজেলার কুসুমসাড়া গ্রামের প্রায় আড়াই বিঘা জমিতে রোপণকৃত করলার গাছ উপড়ে ফেলেছে দুর্বৃত্তরা। সোমবার রাতে গাছগুলো উপড়ে ফেলা হয়।
চাষি মাহফুজার রহমান, মোস্তাফিজুর রহমান ও সবুজ মিয়া মিলে কুসুমসাড়া গ্রামের মাঠে অন্যের আড়াই বিঘা জমি বর্গা নেয়। সেই জমিতে তারা প্রায় দেড় মাস আগে করলা গাছ রোপণ করে। অধিকাংশ গাছে ফুল এসেছে। আর কয়েক দিনের মধ্যে ফল আসত। সোমবার রাতে কে বা কারা আড়াই বিঘা জমির সব গাছ উপড়ে ফেলেছে। পূর্বশত্রুতার জেরে রোপণকৃত করলা গাছগুলো উপড়ে ফেলা হয়েছে বলে দাবি করেন চাষি মোস্তাফিজুর রহমান। স্থানীয় মাত্রাই ইউপি সদস্য আব্দুল হান্নান বলেন, তদন্তসাপেক্ষে এর সঠিক বিচার হওয়া দরকার। কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক জানান, কুসুমসাড়া মাঠে করলার গাছ উপড়ানোর বিষয়টি শুনেছি। অভিযোগ করলে তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
