পাটগ্রাম (লালমনিরহাট) সংবাদদাতা
পাটগ্রাম উপজেলায় বাবার দায়ের করা অভিযোগে ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে নুর ইসলাম (৫৫) তার ছেলে গোলাম রব্বানীর (২৮) বিরুদ্ধে পাটগ্রাম থানায় বাবা ও মাকে চড়-থাপ্পড় মেরে আহত করার অভিযোগ দায়ের করেন। পরে পুলিশ রাতেই ছেলেকে গ্রেফতার করে।
থানা পুলিশ জানায়, উপজেলার জগতবেড় ইউনিয়নের বাংলাবাড়ী গ্রামের নুর ইসলামের বড় ছেলে গোলাম রব্বানী পারিবারিক বিষয় নিয়ে বাবা ও মাকে প্রায়ই মারপিট করে। গালিগালাজও করে। গত ২৬ জুলাই সকালে রান্না করার বিষয় নিয়ে রব্বানী তার মা রুবিনা বেগম ও বাবা নুর ইসলামকে লাঠি দিয়ে মারপিট করে। এতে দুই জনই আহত হয়। এলাকাবাসী তাদের উদ্ধার করে পাটগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। ছেলের এ ধরনের আচরণে বাবা অতিষ্ঠ হয়ে সোমবার পাটগ্রাম থানায় অভিযোগ দেন। পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, বাবার অভিযোগের পরিপ্রেক্ষিতে ছেলেকে গ্রেফতার করে থানায় আনা হয়েছে।
