সড়ক নর্দমা একাকার

আপডেট : ০৩ আগস্ট ২০২১, ২১:৪২

ঢাকা উত্তর সিটির ৪৯ নম্বর ওয়ার্ড

নিলয় মামুন

ঢাকা উত্তর সিটি করপোরেশনের নতুন সংযুক্ত ১৮টি ওয়ার্ডের মধ্যে একটি জনবহুল ওয়ার্ড ৪৯। সাবেক দক্ষিণ ইউনিয়নের আওতাধীন ওয়ার্ডটি ডিএনসিসিতে অন্তর্ভুক্তির পরও কোনো উন্নয়নের ছোঁয়া লাগেনি। এ ওয়ার্ডের বেশির ভাগ সড়কেরই বেহাল অবস্থা। নর্দমার লাইন ভালো না হওয়ায় বৃষ্টির পানি সড়কে জমে থাকে মাসের পর মাস। কিছু কিছু সরু সড়কে এমনভাবে পানি জমে থাকে যে দূর থেকে বোঝার উপায় থাকে না এটি সড়ক নাকি নর্দমা। এমন বেহাল অবস্থার কারণে ব্যাপক ভোগান্তিতে পড়ছে এলাকাবাসী। ভোগান্তি লাঘব করতে না পেরে নিজেই বেহাল সড়ক সংস্কারের দাবি জানিয়েছেন ওয়ার্ডের কাউন্সিলর আনিছুর রহমান নাঈম। তিনি স্বেচ্ছাসেবক লীগের ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক। সম্প্রতি দক্ষিণখানের গাওয়াইর স্কুল (প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়) রোডে ফেসবুক লাইভে এসে তিনি বলেন, ‘গ্রামকে গ্রাম উন্নয়ন হচ্ছে, প্রধানমন্ত্রী গৃহহীন মানুষকে ঘর দিচ্ছেন। বড় বড় রাস্তা, হাইওয়ে তৈরি হচ্ছে। অথচ রাজধানীর উপকণ্ঠে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পাশে আমাদের এই ওয়ার্ডের রাস্তাঘাট, পয়োনিষ্কাশনের ব্যবস্থা বলতে কিছু নেই। ময়লা পানি রাস্তায় উপচে পড়ছে। এ অবস্থায় মানুষ এলাকা ছেড়ে যাচ্ছে।’

সরেজমিনে দেখা যায়, আশকোনার বেশির ভাগ সড়কেরই অবস্থা নাজুক। এর মধ্যে আশকোনা বাজার রোড, মেডিক্যাল রোড, ২ নম্বর ভাই ভাই হোটেলের গলি, সিটি কমপ্লেক্স রোড, গাওয়াইর স্কুল রোড, কলিল বক্স রোডসহ বেশির ভাগ সড়কই ভাঙাচোরা ও বৃষ্টির পানি জমে আছে। স্থানীয় এক বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে বলেন, ২ নম্বর ভাই ভাই হোটেলের গলিতে সব সময় পানি জমে থাকে। বৃষ্টি হলেই সেই পানি বাসাবাড়িতে ঢুকে যায়। বৃষ্টির সময় কেমন করে যে এই এলাকার মানুষ জীবনযাপন করে, কেউ তা না দেখলে বুঝবে না। এ বিষয়ে আনিছুর রহমার নাঈম বলেন, আশ্বাস দেওয়া হয়েছে পানি পরিষ্কারের জন্য সিটি করপোরেশন থেকে লোক পাঠানো হবে ।

এ বিষয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম বলেন, ১৮টি ওয়ার্ডের অবস্থাই খারাপ। এই ১৮টি ওয়ার্ডের উন্নয়নের জন্য একনেকে ৪ হাজার ২৫ কোটি টাকা অনুমোদন হয়েছে। চলতি অর্থবছরের জন্য ৯৭ কোটি টাকা দেওয়াও হয়েছে।