করোনা মোকাবিলায় সমন্বয়হীনতা দূর করুন :ইনু

আপডেট : ০৩ আগস্ট ২০২১, ২১:৪৯

ইত্তেফাক রিপোর্ট

করোনা নিয়ন্ত্রণে সমন্বয়হীনতা ও অব্যবস্থাপনা দূর করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাসদ সভাপতি হাসানুল হক ইনু। গতকাল বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে কর্নেল তাহের মিলনায়তনে এক আলোচনাসভায় তিনি এ আহ্বান জানান। ইনু বলেন, করোনার কাছে আত্মসমর্পণ বা সহবাস করে জীবনও বাঁচবে না, জীবিকাও রক্ষা হবে না, অর্থনীতিও সচল হবে না। করোনাকে কোণঠাসা করার যুদ্ধ চালু রাখতে হবে। সরকারের উদ্দেশে তিনি বলেন, জনগণের অসচেতনতাকে না দুষে, হাল না ছেড়ে দিয়ে করোনা মোকাবিলায় সমন্বয়হীনতা দূর করতে হবে।

জাসদ কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি হাবিবুর রহমান শওকতের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে এ আলোচনাসভার আগে তার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। প্রয়াত হাবিবুর রহমান শওকতকে ‘জাতির সূর্যসন্তান’ আখ্যা দিয়ে ইনু বলেন, বৈষম্য-বঞ্চনা থেকে মানুষের মুক্তির লক্ষ্যে সমাজতন্ত্রের পথে বাংলাদেশকে এগিয়ে নিয়েই হাবিবুর রহমান শওকতের স্বপ্ন বাস্তবায়নে জাসদের নেতাকর্মীদের সংগ্রাম চলবে। গত বছর ৩ আগস্ট করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান মুক্তিযোদ্ধা সংগ্রাম পরিষদের সাবেক সভাপতি, সেক্টর কমান্ডারস ফোরামের আইন বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান। সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন—জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক নাদের চৌধুরী, ঢাকা মহানগরের সমন্বয়ক ও জাসদ সহসভাপতি মীর হোসাইন আখতার, জাতীয় নারী জোটের আহ্বায়ক ও জাসদ সহসভাপতি আফরোজা হক, ঢাকা মহানগরের যুগ্ম সমন্বয়ক ও জাসদ সহসভাপতি নুরুল আকতার প্রমুখ।