৯৯৯ নম্বরে দেওয়া তথ্যে আট কেজি গাঁজা উদ্ধার

আপডেট : ০৩ আগস্ট ২০২১, ২১:৫০

ইত্তেফাক রিপোর্ট

জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে এক ব্যক্তির ফোন থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে আট কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এ সময় আসাদ নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। গতকাল নরসিংদীর মনোহরদী থানাধীন চর মান্দালিয়া গ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর পরিদর্শক আনোয়ার সাত্তার বিষয়টি নিশ্চিত করে জানান, সংবাদ পেয়ে মনোহরদী থানাপুলিশ এবং রামপুর তদন্ত কেন্দ্রের যৌথ পুলিশ টিম ঘটনাস্থলে যায়। রামপুর তদন্ত কেন্দ্রের ইন্সপেক্টর মো. শফিকুল ইসলাম জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ ফোনে জানান যে, তারা কলারের দেওয়া তথ্য অনুযায়ী একটি বাড়িতে তল্লাশি চালিয়ে আট কেজি গাঁজা উদ্ধার করেন এবং গাঁজা রাখার অভিযোগে এক জনকে আটক করেন। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ৮০ হাজার টাকা। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।