খেলার মাঠ দখল করে বসানো দোকান উচ্ছেদ করল পুলিশ

আপডেট : ০৩ আগস্ট ২০২১, ২১:৫০

বিশেষ প্রতিনিধি

মেরুল বাড্ডা এলাকার ডিআইটি প্রজেক্ট খেলার মাঠ দখল করে দোকানপাট বসানো হয়েছে। করোনার উচ্চ সংক্রমণের এই সময়ে সেখানে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। বাংলাদেশ পুলিশের ফেসবুক পেজে স্থানীয় এক ব্যক্তি এ তথ্য জানান। বার্তা পেয়ে দোকানপাট উচ্ছেদ করে পুলিশ। গতকাল খেলার মাঠটি দখলমুক্ত করার বিষয়টি জানিয়েছেন পুলিশ সদর দপ্তরের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের এআইজি মো. সোহেল রানা। তিনি জানান, বাড্ডার একটি মসজিদের খেলার মাঠ দখল করে দোকানপাট বসানো হয়। করোনার উচ্চ সংক্রমণের এই সময়ে সেখানে স্বাস্থ্যবিধি ছিল একবারেই উপেক্ষিত। আর মসজিদের খেলার মাঠ দখল করার পেছনে মসজিদ কমিটির হাত রয়েছে বলে জানা গেছে।

অভিযোগ পেয়ে এ বিষয়ে ব্যবস্থা নিতে পুলিশ সদর দপ্তরের পক্ষ থেকে বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদকে নির্দেশনা দেওয়া হয়। সে অনুযায়ী তিনি তাত্ক্ষণিকভাবে ঘটনাস্থলে একটি টিম পাঠিয়ে ডিআইটি প্রজেক্ট মাঠ থেকে সব দোকানপাট উচ্ছেদ করে খেলার মাঠ উন্মুক্ত করে দেন।