ইয়াবার চালানসহ স্বামী-স্ত্রী গ্রেফতার

আপডেট : ০৩ আগস্ট ২০২১, ২১:৫১

বিশেষ প্রতিনিধি

উত্তরা এলাকা থেকে ৫ হাজার ইয়াবাসহ এক দম্পতিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতারকৃতরা হলেন—আলমগীর হোসেন বাচ্চু ও লাইলী আকতার। তাদের বাড়ি শরীয়তপুরে। তারা থাকতেন গাজীপুরে।

এ ব্যাপারে গোয়েন্দা উত্তরা বিভাগের উত্তরা জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার বদরুজ্জামান জিল্লু বলেন, উত্তরার ৬ নম্বর সেক্টরে মাদক ক্রয়বিক্রয়ের জন্য কয়েক জন অবস্থান করছে—এমন তথ্যের ভিত্তিতে উত্তরা জোনাল টিম সোমবার সন্ধ্যায় উত্তরার আলাউল অ্যাভিনিউ রোডে অভিযান পরিচালনা করে।

এক পর্যায়ে পুলিশের উপস্থিতি বুঝতে পেরে কিছু লোক পালাতে থাকে। এ সময় আলমগীর ও লাইলী আকতার নামের দুই জনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ৫ হাজার পিস ইয়াবা। পরে জানা যায় তারা স্বামী-স্ত্রী। গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা ইয়াবার চালান কক্সবাজার থেকে সংগ্রহ করে উত্তরা, গাজীপুর ও আশপাশ এলাকায় বিক্রি করে থাকেন। এ ব্যাপারে উত্তরা পূর্ব থানায় মামলা হয়েছে।