২৪ রুশ কূটনীতিককে দেশে ফিরে যাওয়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের

আপডেট : ০৩ আগস্ট ২০২১, ২২:৪২

যুক্তরাষ্ট্রে কর্মরত ২৪ রুশ কূটনীতিককে ৩ সেপ্টেম্বরের মধ্যে নিজ দেশে ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছে ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত অ্যানাটলি অ্যান্তোনভ এ তথ্য জানিয়েছেন। খবর রয়টার্সের

অ্যান্তোনভ জানান, আগামী ৩ সেপ্টেম্বরের মধ্যে রাশিয়ার এই ২৪ কূটনীতিককে যুক্তরাষ্ট্র ত্যাগ করতে বলেছে ওয়াশিংটন। ভিসার মেয়াদ শেষ হওয়ার পর তাদের চলে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে বলে তিনি জানান। রাষ্ট্রদূত জানান, সম্প্রতি ভিসা দেওয়ার প্রক্রিয়া কঠোর করেছে ওয়াশিংটন। এ কারণে যুক্তরাষ্ট্র ছেড়ে যাওয়া ২৪ রুশ কূটনীতিকের স্থলে কাউকে নিয়োগ দেওয়া হবে না। কেবল ভিসা নাকি সুনির্দিষ্ট বিরোধ থেকে ওয়াশিংটন এমন নির্দেশ দিয়েছে সে সম্পর্কে কিছু জানাননি রাষ্ট্রদূত অ্যান্তোনভ। ওয়াশিংটনও রুশ কূটনীতিকদের এই নির্দেশনার ব্যাপারে কিছু জানায়নি।