৮০ কিলোমিটার সাঁতার কেটে রেকর্ড

আপডেট : ০৩ আগস্ট ২০২১, ২২:৪২

মেঘনা নদীতে টানা ৪০ কিলোমিটার সাঁতার কেটে রেকর্ড গড়লেন নরসিংদীর পল্লি চিকিত্সক বকুল সিদ্দিক। গতকাল মঙ্গলবার সকাল ৬টায় ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার সাহেবনগর থেকে সাঁতার শুরু করেন তিনি। উত্তাল মেঘনার বুকে টানা ৪০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে দুপুর ১২টা নাগাদ নরসিংদীর রায়পুরা উপজেলার মনিপুরা ঘাটে এসে পৌঁছান। এ সময় স্পিডবোট, নৌকা ও ট্রলার নিয়ে শত শত দর্শক তার সঙ্গে ছিল। নদীর দুই পাড়ে ছিল উত্সুক জনতার ভিড়। ঘাটে হাজার হাজার মানুষ তাকে অভিবাদন জানাতে জড়ো হয়। এ সময় রায়পুরা উপজেলা ভাইস চেয়াম্যান হাজি আব্দুল মোমেন তাকে ফুল দিয়ে অভিনন্দন জানান।

ছয় সন্তানের জনক বকুল পেশায় একজন পল্লি চিকিত্সক। তিনি নরসিংদী সদর উপজেলার খোলাদিলা গ্রামের ডা. সিদ্দিকুর রহমানের ছেলে। বকুল বলেন, সাঁতারের মাধ্যমে তিনি বিশ্বদরবারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে চান। গত বছর রায়পুরার মনিপুরা ঘাট থেকে নরসিংদী থানার ঘাটে প্রায় ২০ কিলোমিটার নদী সাঁতার কাটেন।