কোভিড-১৯ আক্রান্তদের সহায়তায় তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর উদ্যোগে গঠিত তহবিলে ইপিক গ্রুপ অনুদান প্রদান করেছে। গতকাল মঙ্গলবার ইপিক গ্রুপের পক্ষে জেনারেল ম্যানেজার পি কে সাও বিজিএমইএ অফিসে বিজিএমইএ সভাপতি ফারুক হাসানের কাছে ৫ লাখ টাকার চেক ও ১ লাখ পিস ফেস মাস্ক হস্তান্তর করেন। এ সময় বিজিএমইএ-এর সহ-সভাপতি মিরান আলী, পরিচালক তানভীর আহমেদ, সাবেক পরিচালক আশিকুর রহমান তুহিন এবং ইপিক গ্রুপের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ইপিক গ্রুপের চেয়ারম্যান রঞ্জন মাহতানি এবং ব্যবস্থাপনা পরিচালক সুনীল দারইয়ানানী ও দিনেশ ভারওয়ানি ভার্চুয়ালি যুক্ত হন।
অনুষ্ঠানে বিজিএমইএ সভাপতি ফারুক হাসান বলেন, সম্প্রতি দেশব্যাপী কোভিড-১৯ সংক্রমণের হার উদ্বেগজনকভাবে বেড়ে যাওয়ায় অনেক হাসপাতালে চিকিত্সা সরঞ্জামের অপর্যাপ্ততা দেখা দিয়েছে। অন্যদিকে নিম্ন-মধ্যম আয়ের মানুষজন করোনায় আক্রান্ত স্বজনদের চিকিত্সার খরচ জোগাতে হিমশিম খাচ্ছে। এই নিম্ন-মধ্যম আয়ের খেটে খাওয়া মানুষ করোনা অতিমারির কারণে দরিদ্র থেকে দরিদ্রতর অবস্থায় পতিত হয়েছে। এসব অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের সামাজিক ও নৈতিক দায়িত্ব। সেই দায়িত্ববোধ থেকে করোনা আক্রান্তদের চিকিত্সায় আর্থিক সহযোগিতাও একান্ত প্রয়োজন।
বিজিএমইএ সভাপতি আরো বলেন, বর্তমানে দেশে কোভিড পরিস্থিতির প্রেক্ষাপটে আমরা সামাজিক দায়বদ্ধতায় উদ্বুদ্ধ হয়ে কোভিড আক্রান্তদের সহায়তায় একটি দুর্যোগ ত্রাণ তহবিল গঠনের উদ্যোগ নিয়েছি। এই তহবিল হতে বিজিএমইএ যাদের মেডিক্যাল সরঞ্জামাদি ও ওষুধপত্র প্রয়োজন হবে, তাদেরকে তা বিতরণ করবে। বিজিএমইএ তহবিলে অনুদান প্রদানের জন্য বিজিএমইএ সভাপতি ইপিক গ্রুপকে আন্তরিক ধন্যবাদ জানান। তিনি আশা করেন যে, পোশাক শিল্পের অন্যান্য প্রতিষ্ঠানগুলোও এই মহতী দৃষ্টান্ত অনুসরণ করে এগিয়ে আসবে।
