এক দিনে ২৩৫ মৃত্যু সংক্রমিত ১৫৭৭৬ শনাক্তের অর্ধেক ঢাকার

আপডেট : ০৩ আগস্ট ২০২১, ২২:৪৪

দেশে গত এক দিনে ৫৫ হাজার ২৮৪টি নমুনা পরীক্ষা করে ১৫ হাজার ৭৭৬ জনের মধ্যে করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে; মৃত্যু হয়েছে ২৩৫ জনের। এ নিয়ে দেশে মোট ১২ লাখ ৯৬ হাজার ৯৩ জন কোভিড রোগী শনাক্ত হলো; আর আক্রান্তদের মধ্যে মৃত্যু হলো এ পর্যন্ত মোট ২১ হাজার ৩৯৭ জনের। সরকারি হিসেবে এক দিনে সেরে উঠেছেন ১৬ হাজার ২৯৭ জন। তাদের নিয়ে এই পর্যন্ত সুস্থ হলেন ১১ লাখ ২৫ হাজার ৪৫ জন। আগের দিন সোমবার সারা দেশে ১৫ হাজার ৯৮৯ জন নতুন রোগী শনাক্ত হয়, মৃত্যু হয় ২৪৬ জনের। সেই হিসেবে শনাক্ত রোগী ও মৃত্যুর সংখ্যা এক দিনে সামান্য কমেছে।

গত এক দিনে শুধু ঢাকা বিভাগেই ৭ হাজার ৭৩৫ জনের মধ্যে করোনা ভাইরাস সংক্রমণ ধরা পড়েছে যা দিনের মোট আক্রান্তের প্রায় অর্ধেক। গত ২৪ ঘণ্টায় করোনাতে রোগী শনাক্তের হার ২৮ দশমিক ৫৪ শতাংশ। আর এখন পর্যন্ত শনাক্তের হার ১৬ দশমিক ৪১ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৬ দশমিক ৮০ শতাংশ আর শনাক্ত বিবেচনায় মৃত্যু হার এক দশমিক ৬৫ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ২৩৫ জনের মধ্যে পুরুষ ১৪০ জন আর নারী ৯৫ জন। দেশে এখন পর্যন্ত করোনাতে আক্রান্ত হয়ে মোট পুরুষ মারা গেছেন ১৪ হাজার ৪১৯ জন আর নারী মারা গেলেন ৬ হাজার ৯৭৮ জন। এক দিনে মৃতদের মধ্যে ৯১ থেকে ১০০ বছর বয়সি রয়েছেন চার জন, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে ১১ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ৪১ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ৮০ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৫৪ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ২৫ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ১৫ জন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে চার জন আর ১১ থেকে ২০ বছরের মধ্যে রয়েছেন একজন। তাদের মধ্যে ঢাকা বিভাগের ৭৩ জন, চট্টগ্রাম বিভাগের ৬৫ জন, রাজশাহী বিভাগের ২১ জন, খুলনা বিভাগের ৩২ জন, বরিশাল বিভাগের আট জন, সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগের রয়েছেন ১২ জন করে। মারা যাওয়া ২৩৫ জনের মধ্যে সরকারি হাসপাতালে মারা গেছেন ১৭৩ জন, বেসরকারি হাসপাতালে ৪৬ জন, বাড়িতে মারা গেছেন ১৫ জন আর হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়েছে একজনকে।