করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন আরেক নির্বাচন কর্মকর্তা এ বি এম সাইফুজ্জামান। তিনি ময়মনসিংহে অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার দায়িত্ব পালন করছিলেন। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি। সোমবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই সন্তানসহ গুণগ্রাহী রেখে গেছেন। সাইফুজ্জামানের বাড়ি নেত্রকোনার আটপাড়া উপজেলায়। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর করেছিলেন তিনি। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে নির্বাচন কমিশনের আট জন কর্মকর্তা ও কর্মচারী প্রাণ হারালেন।
করোনার শুরু থেকেই এনআইডি কার্যক্রমসহ অন্যান্য সেবা দিচ্ছে নির্বাচন কমিশন। কেভিড-১৯ সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের মধ্যে নির্বাচন কমিশনের মাঠ পর্যায়ের অনেক কর্মকর্তা-কর্মচারী আক্রান্ত রয়েছেন। এ পর্যন্ত ইসির ২০২ জন কর্মকর্তা-কর্মচারী করোনায় আক্রান্ত হয়েছেন। সুস্থ হয়েছেন ১২৩ জন।
গত ২৫ জুলাই সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ইসরাইল হোসেন ও কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাচন অফিসের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মো. এনামুল হক করোনা ভাইরাসে মারা যান। করোনায় আক্রান্ত হয়ে ২০২০ সালে মারা গেছেন নারায়ণগঞ্জের বন্দর থানায় কর্মরত সাবেক উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. সাইবুর ও ঝিনাইদহের কালীগঞ্জের অফিস সহায়ক মো. বাবলুর করিম। সম্প্রতি মারা গেছেন মৌলভীবাজারের রাজনগর উপজেলার সাবেক নির্বাচন কর্মকর্তা আলিফ লায়লা, চট্টগ্রামের জ্যেষ্ঠ জেলা নির্বাচন কর্মকর্তা মো. আতাউর রহমান ও পটুয়াখালীর কলাপাড়ার সাবেক অফিস সহায়ক শহিদুল ইসলাম।
