চট্টগ্রামে অবৈধভাবে কোভিড টিকা প্রদানের ঘটনায় তদন্ত প্রতিবেদন জমা

আপডেট : ০৩ আগস্ট ২০২১, ২২:৪৪

চট্টগ্রামে পটিয়া উপজেলায় একটি ইউনিয়নে রেজিস্ট্রেশনবিহীন করোনা ভাইরাসের টিকা প্রদানের ঘটনায় গঠিত তদন্ত কমিটি তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে। স্থানীয় মানুষকে অবৈধভাবে ২ হাজার ৬০০ ডোজ  করোনা ভাইরাসের টিকা প্রদান করা হয়েছে।

অবৈধভাবে টিকা প্রদানের অভিযোগ পাওয়ার পর স্বাস্থ্য বিভাগের চট্টগ্রাম বিভাগীয় পরিচালক তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে দেন। কমিটির সদস্য সচিব ও ডেপুটি সিভিল সার্জন ডা. মোহাম্মদ আসিফ খান বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা মতে আমরা যথাযথ কর্তৃপক্ষের কাছে তদন্ত প্রতিবেদন গত সোমবার রাতে জমা দিয়েছি। রিপোর্টের বিষয়ে কমিটিকে কোনো তথ্য প্রকাশ না করার জন্য বলা হয়েছে।’ টিকাগুলো পটিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সব্যসাচী নাথের তত্ত্বাবধানের থাকলেও তার অগোচরে কীভাবে প্রদান করা হলো, তা নিয়ে অভিযোগ রয়েছে। যদিও ঘটনা প্রকাশের পর থেকে তিনি টিকা সরবরাহের বিষয়টি তার অগোচরে হয়েছে বলে দাবি করছেন।

উল্লেখ্য পটিয়া উপজেলার শোভনদণ্ডী ইউনিয়নে রেজিস্ট্রেশনবিহীন রোগীদের করোনা ভাইরাসের টিকা দেওয়া হয়। গত শুক্রবার ও শনিবার শোভনদণ্ডী ইউনিয়নের আরফা করিম উচ্চ বিদ্যালয় ও শোভনদণ্ডী মহাজন হাট স্বাস্থ্যকেন্দ্রে স্থানীয় মানুষকে টিকা প্রদান করা হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিক্যাল টেকনোলজিস্ট মো. রবিউল হোসেন এসব টিকা প্রদান করেন।