স্পিন জালে অস্ট্রেলিয়াকে হারাল বাংলাদেশ

আপডেট : ০৪ আগস্ট ২০২১, ০০:১১

অনেক অনিশ্চয়তা, শঙ্কার দোলাচাল পেরিয়ে অতিথিকে ঘরে আনতে হয়েছে। ক্রিকেট দুনিয়ার বড় লাটদের অন্যতম অস্ট্রেলিয়াকে আতিথ্য দিতে গিয়ে নতজানু হয়ে নুয়ে পড়তে হয়েছে, তবে হাল ছাড়েনি বাংলাদেশ। ক্রিকেট মাঠের ২২ গজের লড়াইয়ে অবশ্য অতিথি সত্কারে কার্পণ্য করেনি টাইগাররা।

ঘূর্ণি জাদুতে সফরকারীদের নাভিশ্বাস তুলেছে মাহমুদউল্লাহ রিয়াদের দল। গতকাল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের সবুজ জমিনে অস্ট্রেলিয়ার দর্প চূর্ণ করে দিয়েছে বাংলাদেশ। স্পিন বিষে নীল হলো পরাক্রমশালী অস্ট্রেলিয়া। তাতেই মিলল বৃত্ত পূরণের গৌরব। ওয়ানডে, টেস্টের পর ক্রিকেটের খুদে সংস্করণেও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম জয় পেল বাংলাদেশ। গতকাল সিরিজের প্রথম টি-২০ ম্যাচে অস্ট্রেলিয়াকে ২৩ রানে পরাজিত করেছে বাংলাদেশ।

এই জয়ে সিরিজে ১-০ তে এগিয়ে গেছে স্বাগতিকরা। আজ সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে দুই দল। ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৬টায়।

মোহাম্মদ আশরাফুলের সেঞ্চুরিতে ২০০৫ সালে কার্ডিফে ওয়ানডে, ২০১৭ সালে মিরপুরে সাকিব আল হাসানের অলরাউন্ড নৈপুণ্যে টেস্টে এবং গতকাল নাসুম আহমেদের ঘূর্ণি জাদুতে টি-২০তেও প্রথমবার অস্ট্রেলিয়াকে হারাল টাইগাররা।

মিরপুর স্টেডিয়ামে গতকাল আগে ব্যাট করে বাংলাদেশ ৭ উইকেটে ১৩১ রান তুলেছিল। জবাবে ১০৮ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া। ১৯ রানে ৪ উইকেট নিয়ে নাসুম আহমেদ ম্যাচ সেরা হন।

রান তাড়া করতে নেমে ইনিংসের প্রথম বলেই ধাক্কা খায় অস্ট্রেলিয়া। অ্যালেক্স ক্যারিকে (০) বোল্ড করেন মেহেদী হাসান। পরে নাসুম, সাকিবের ছোবলে ১১ রানে নেই ৩ উইকেট। ম্যাথু ওয়েড-মিচেল মার্শের ৩৮ রানের জুটি ভেঙে দেন নাসুম। ১৩ রান করে ফিরেন অস্ট্রেলিয়ান অধিনায়ক। একপ্রান্ত আগলে মার্শ টানছিলেন দলকে। নিজের শেষ ও ইনিংসের ১৬তম ওভারে মার্শকে ফিরিয়ে অস্ট্রেলিয়ার কফিনে শেষ পেরেকটা ঠুকে দেন নাসুম। মার্শ ৪৫ রান করেন।

এরপর রানের চাপে নিয়মিত উইকেট হারিয়েছে অস্ট্রেলিয়া। ব্যাটিংয়ের লেজটা গুটিয়ে দেন মুস্তাফিজ, শরীফুল। স্টার্ক ১৪ রান করেন। মুস্তাফিজ-শরীফুল ২টি করে, সাকিব-মেহেদী ১টি করে উইকেট নেন।

এর আগে টসে হেরে ব্যাট করা বাংলাদেশের ব্যাটসম্যানদের কম রানেই আটকে রেখেছিল অস্ট্রেলিয়ার বোলাররা। ইনিংসের দ্বিতীয় বলে স্টার্ককে নাঈম শেখ ছক্কা মারলেও তারপর নিয়ন্ত্রণ নিয়েছে সফরকারীরা। স্লো উইকেটে ইনিংস জুড়ে ৪৭টি ডট বল খেলেছিল বাংলাদেশ। দুটি ত্রিশ পার হওয়া, দুটি বিশ ছাড়ানো ইনিংসে লড়াকু পুঁজি পায় স্বাগতিকরা। ওপেনার নাঈম শেখ ২৯ বলে ৩০, সাকিব ইনিংস সর্বোচ্চ ৩৩ বলে ৩৬, মাহমুদউল্লাহ ২০ রান করেন। তৃতীয় উইকেটে সাকিব-মাহমুদউল্লাহ ৩৬ রানের জুটি গড়েছিলেন। শেষ দিকে আফিফের ১৭ বলে ২৩ রানের ইনিংসে ১০০ পার হয়েছিল বাংলাদেশের স্কোর। অস্ট্রেলিয়ার হ্যাজেলউড ৩টি, স্টার্ক ২টি, জাম্পা, টাই ১টি করে উইকেট নেন।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচে বিজয় লাভে

টাইগারদের প্রধানমন্ত্রীর অভিনন্দন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৫ ম্যাচের টি-২০ সিরিজে প্রথম ম্যাচে ২৩ রানে বিজয় লাভে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। গতকাল এক অভিনন্দন বার্তায় ক্রিকেট অনুরাগী প্রধানমন্ত্রী অস্ট্রেলিয়াকে পরাজিত করার জন্য সব খেলোয়াড়, কোচ এবং জাতীয় ক্রিকেট দলের সব কর্মকর্তা ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের  (বিসিবি) সংশ্লিষ্ট কর্মকর্তাদের অভিনন্দন জানান। বাংলাদেশ ক্রিকেট দল বিজয়ের এই ধারা ভবিষ্যতেও অব্যাহত রাখবে বলে শেখ হাসিনা আশা প্রকাশ করেন।

জেপির অভিনন্দন

জাতীয় পার্টি-জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু, এমপি এবং দলের সাধারণ সম্পাদক ও সাবেক শিক্ষামন্ত্রী শেখ শহীদুল ইসলাম বাংলাদেশ দলকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। বিবৃতিতে জেপির নেতৃদ্বয় বলেন, বাংলাদেশ দলের এই বিজয়ে আমরা দলের অধিনায়ক, কোচ, সব খেলোয়াড় ও সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানাই।

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ : ২০ ওভারে ১৩১/৭

অস্ট্রেলিয়া : ২০ ওভারে ১০৮

ফল : বাংলাদেশ ২৩ রানে জয়ী

ম্যাচ সেরা : নাসুম আহমেদ (বাংলাদেশ)