রাজধানীর উত্তরা পূর্ব থানা পুলিশের হেফাজতে রিমান্ডে থাকা এক আসামির মৃত্যু হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় গ্রেফতারের পর পুলিশ লিটন (৪৫) নামে ঐ আসামিকে দুই দিনের রিমান্ডে নেয়। রিমান্ডের প্রথম দিন রাতে থানার লকআপে ঐ আসামি আত্মহত্যা করেন বলে দাবি পুলিশের।
ডিএমপির উত্তরা বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) তাপস কুমার দাস জানান, লিটন নামে ঐ ব্যক্তি মাদকাসক্ত ছিলেন। লকআপের ভেতরে থাকা কম্বল ছিঁড়ে ভেনটিলেটরের গ্রিলের সঙ্গে গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেন। লকআপের ভেতরে সিসিটিভি ক্যামেরা আছে। এই ঘটনা তদন্তে একজন অতিরিক্ত উপ-কমিশনারকে (এডিসি) প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলেও জানান তিনি।
নিহত লিটনের বাড়ি বগুড়ার কাহালু থানা এলাকায়। তার মরদেহ ময়নাতদন্তের জন্য টঙ্গীর শহিদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
