মুলাদীতে তুচ্ছ ঘটনায় প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষকের মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। ঐ শিক্ষকের নাম হুমায়ুন কবির ভুলু মোল্লা। অভিযোগ উঠেছে, উপজেলার মুলাদী সদর ইউনিয়নের দড়িচর লক্ষ্মীপুর গ্রামের মোকছেদ ফকির ও তার ছেলে নাইম হোসেন পিটিয়ে ঐ শিক্ষককে জখম করেন। রাস্তার মাটি সরানোকে কেন্দ্র করে গত সোমবার ভোরে এ ঘটনা ঘটে। হুমায়ুন কবির উপজেলার দড়িচর নয়ঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
হুমায়ুন কবির জানান, সোমবার ভোরে মোকছেদ ফকির ও তার ছেলে নাইম হোসেন দড়িচর লক্ষ্মীপুর মোল্লা বাড়ির সামনে সেতুর ঢাল থেকে মাটি সরিয়ে নিচ্ছিলেন। তিনি নামাজ শেষে বাড়ি ফেরার সময় তাদের মাটি সরাতে নিষেধ করেন। এ নিয়ে তাদের মধ্যে কথার কাটিকাটি হয়। এক পর্যায়ে মোকছেদ ফকির ও তার ছেলে ক্ষিপ্ত হয়ে হুমায়ুন কবিরকে এলোপাতাড়ি মারধর করেন। নাইমের শাবলের আঘাতে তার মাথা ফেটে যায়। প্রতিবেশী আব্দুস সালাম তালুকদার তাকে রক্ষা করতে গেলে তাকেও মারধর করে পিতা-পুত্র।
তাদের চিত্কারে আশপাশের লোকজন তাদের উদ্ধার করে মুলাদী হাসপাতালে ভর্তি করে। ঐ শিক্ষকের ভাই নাজমুল আহসান দুলাল মোল্লা বাদী হয়ে সোমবার রাতে মুলাদী থানায় মামলা করেন। এ ব্যাপারে অভিযুক্ত মোকছেদ ফকির ও নাইম হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে তাদের মুঠোফোন বন্ধ পাওয়া যায়।
মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস. এম মাকসুদুর রহমান বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।
