শহিদ শেখ কামালের ৭২তম জন্মদিনে চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার নানা কর্মসূচি

আপডেট : ০৩ আগস্ট ২০২১, ২২:৫৮

স্পোর্টস রিপোর্টার, চট্টগ্রাম অফিস

স্বাধীনতার মহান স্থপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র দেশের ক্রীড়াঙ্গনের অগ্রদূত দেশের জনপ্রিয় ক্রীড়া সংগঠন ঢাকা আবাহনী লিমিটেডের প্রতিষ্ঠাতা শহিদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী  উদ্যাপন উপলক্ষ্যে চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার পক্ষ থেকে আগামীকাল বৃহস্পতিবার ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে ঐদিন সকাল ১০টায় এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন সংস্থার কার্যালয়ের সামনে ব্যানার স্থাপন, দুপুর ১২টায় চট্টগ্রাম হালিশহরস্থ আবাহনী ক্লাব প্রাঙ্গণে শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ এবং তার পরপরই একই স্থানে দোয়া মাহফিল ও তবারক বিতরণ করা হবে। স্বাস্থ্যবিধি মেনে সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে ও যথাস্থানে উপস্থিত থাকার জন্য বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সিরাজউদ্দীন মো. আলমগীর অনুরোধ জানিয়েছেন।