লস্কর গাহের বাসিন্দাদের শহর ছাড়ার নির্দেশ

আপডেট : ০৪ আগস্ট ২০২১, ০০:১২

আফগানিস্তানের হেলমান্দ প্রদেশের রাজধানী লস্কর গাহর ছেড়ে যেতে বাসিন্দাদের নির্দেশ দেওয়া হয়েছে। তালেবানের বিরুদ্ধে অভিযান চালানোর আগে এই নির্দেশ দিয়েছে সরকারি বাহিনী। এদিকে হেলমান্দের একটি টেলিভিশন স্টেশনের নিয়ন্ত্রণও নিয়েছে তালেবান। খবর বিবিসি ও সিএনএনের

হেলমান্দ প্রদেশে তালেবানের বিরুদ্ধে সরকারি বাহিনীর অভিযানের নেতৃত্ব দিচ্ছেন জেনারেল সামি সাদাত। তিনি দ্রুত বাসিন্দাদের শহর খালি করার আহ্বান জানিয়েছেন। জাতিসংঘ জানিয়েছে, গত কয়েক দিনের হামলায় অন্তত ৪০ বেসামরিক নাগরিক লস্কর গাহরে নিহত হয়েছেন। শহরের অধিকাংশ এলাকা তালেবান দখলে নিয়েছে বলে জানা গেছে। তবে আফগান বাহিনীর সঙ্গে তালেবানের তুমুল লড়াই চলছে।

আফগান বাহিনী বলছে, শহরটি জঙ্গিগোষ্ঠী তালেবানের দখলে নিতে দেবেন না। জেনারেল সাদাত বাসিন্দাদের কাছে পাঠানো এক বার্তায় বলেছেন, একজন তালেবানও বেঁচে ফিরতে পারবে না। তিনি বাসিন্দাদের উদ্দেশে বলেন, ‘আমি জানি, নিজের বাড়ি ছেড়ে যাওয়াটা অনেক কষ্টের। এটা আমাদের পক্ষে বলাটাও কঠিন। কিন্তু কিছুদিনের জন্য আপনাদের এই ত্যাগ স্বীকার করতে হবে। এ জন্য আমাদের ক্ষমা করুন।’ লস্কর গাহের দখলে নিলে এটাই হবে তালেবানের কোনো প্রদেশের রাজধানী দখলে নেওয়ার ঘটনা। আর এটা হবে আফগান সরকারের জন্য বড় ধাক্কা। শহরের বাসিন্দারাও জানিয়েছেন, তারা চরম আতঙ্কের মধ্যে বাস করছেন। একদিকে জঙ্গি গোষ্ঠীটির হামলা, অন্যদিকে যুক্তরাষ্ট্র এবং আফগান বাহিনীর বিমান হামলা তাদের জন্য চরম ভীতির পরিবেশ তৈরি করেছে।

টিভি স্টেশনের নিয়ন্ত্রণে তালেবান

লস্কর গাহের একটি টিভি স্টেশনের দখলে নিয়েছে তালেবান। সেখানকার এক কর্মকর্তা জানান, স্টেশনে এখন আর সম্প্রচারের কাজ হচ্ছে না। সবকিছুই তালেবানের দখলে চলে গেছে। তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ এক খুদে বার্তায় সিএনএনকে জানিয়েছেন, টিভি স্টেশনটির দখল নিয়েছেন তারা। গত ৭২ ঘণ্টা ধরে যুক্তরাষ্ট্র বিমান হামলা চালানোর মধ্যেই টেলিভিশন স্টেশন দখলে নেওয়ার ঘটনা ঘটল। যুক্তরাষ্ট্রসহ বিদেশি সেনা আফগানিস্তান ছাড়তে শুরু করায় তালেবানরা আফগানিস্তানের প্রায় অর্ধেক দখলে নিয়েছে। ৩১ আগস্টের মধ্যে সব বিদেশি সৈন্য আফগানিস্তান ছাড়ার কথা।