দেশে ক্লিনিক্যাল ট্রায়ালের অনুমোদন পেল কোভ্যাকসিন

আপডেট : ০৪ আগস্ট ২০২১, ০০:১৪

ভারতীয় কোম্পানি ভারত বায়োটেক উদ্ভাবিত করোনার টিকা কোভ্যাকসিন বাংলাদেশে ক্লিনিক্যাল ট্রায়ালের অনুমোদন পেয়েছে। গতকাল মঙ্গলবার বাংলাদেশ মেডিক্যাল অ্যান্ড রিসার্চ কাউন্সিলের (বিএমআরসি) চেয়ারম্যান অধ্যাপক ডা. সৈয়দ মোদাচ্ছের আলী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ভারত বায়োটেক ও ইন্ডিয়ান কাউন্সিল অব সায়েন্টিফিক রিসার্চ মিলে কোভ্যাকসিন তৈরি করেছে। গত জানুয়ারিতে এ টিকা ভারতে জরুরি ব্যবহারের অনুমোদন পেয়েছে।

বিএমআরসির চেয়ারম্যান বলেন, এই টিকার সিআরও প্রতিষ্ঠান আইসিডিডিআর,বি বেশ কিছুদিন আগেই এর ক্লিনিক্যাল ট্রায়ালের অনুমোদন চেয়েছিল; কিন্তু দেশের ঊর্ধ্বমুখী করোনা পরিস্থিতির কারণে অনুমোদন দিতে কিছুটা দেরি হয়েছে। সৈয়দ মোদাচ্ছের আলী বলেন, তারা যেসব ডকুমেন্টস উপস্থাপন করেছে, তার সবই বৈজ্ঞানিকভাবে সঠিক ছিল। গত ১৮ জুলাই ন্যাশনাল ইথিক্যাল কমিটি ক্লিয়ারেন্স দিয়েছে। মানে তারা এখন মানুষের ওপর (কোভ্যাকসিন) টিকা প্রয়োগ করতে পারবে। তবে বিএমআরসির অনুমোদন পেলেও ট্রায়াল শুরুর আগে বাংলাদেশে ঐ টিকা আনার জন্য ঔষধ প্রশাসন অধিদপ্তর থেকে অনুমোদন নিতে হবে।

এদিকে আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, ভারত বায়োটেক ব্রাজিলের এক ওষুধ প্রস্তুতকারক সংস্থার সঙ্গে চুক্তি বাতিল করায় সে দেশে কোভ্যাকসিনের ট্রায়াল বাতিল করা হয়েছে। ব্রাজিলের স্বাস্থ্য দপ্তর এক বিবৃতিতে জানায়, ‘ভারত বায়োটেক ব্রাজিলের সংস্থার সঙ্গে চুক্তি খারিজ করায় সরকার এই সিদ্ধান্ত নিয়েছে।’