আততায়ীর হাতে নিহত হাইতির প্রেসিডেন্ট জোভনেল ময়েসের স্ত্রী মার্টিন ময়েস বলেছেন, তার স্বামীর আশা ছিল নিরাপত্তারক্ষীরা তাকে বাঁচাবেন। কিন্তু তেমনটি ঘটেনি। মার্টিন মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনকে দেওয়া সাক্ষাত্কারে এ কথা বলেন। মার্টিন বলেন, গত ৭ জুলাই দিবাগত রাত একটার দিকে তিনি এবং তার স্বামী বাসভবনের বাইরে গুলির শব্দ শুনতে পান। তখন তারা বুঝতে পারেন, হামলাকারীরা ভেতরে প্রবেশ করেছে। ঘটনা বুঝতে পেরে তারা দুজন বিছানার পেছনে লুকিয়ে ছিলেন। কিন্তু ঘটনার ভয়াবহতা এত দূর গড়াবে, তা তাদের কল্পনায়ও আসেনি। কারণ, প্রেসিডেন্টের নিরাপত্তায় ঘটনাস্থলে ৩০ থেকে ৫০ জন দেহরক্ষী ছিলেন। ওই হামলায় মার্টিনও গুলিবিদ্ধ হন।
