নারায়ণগঞ্জে দেশীয় মদ ইয়াবা উদ্ধার, চার মাদক ব্যবসায়ী আটক

আপডেট : ০৪ আগস্ট ২০২১, ০০:২১

নারায়ণগঞ্জ থেকে চার মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১১। গত সোমবার রাতে র্যাব সদর মডেল থানাধীন টানবাজার এলাকা থেকে তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ দেশীয় মদ ও ইয়াবা উদ্ধার করা হয়। র্যাব-১১-এর প্রধান কার্যালয় থেকে উপ-পরিচালক ও মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান গতকাল মঙ্গলবার বিকালে সাংবাদিকদের এ তথ্য জানান।

মিডিয়া কর্মকর্তা জানান, নারায়ণগঞ্জ শহরের টানবাজার এলাকায় একটি অপরাধী চক্র মদ ও ইয়াবার আখড়া তৈরি করেছে। তাদের এই মদ ও ইয়াবার আখড়ায় স্কুল-কলেজের ছাত্র থেকে শুরু করে বিভিন্ন পেশার লোকজন গিয়ে মদ ও ইয়াবা সেবন করে আসছে। র্যাব-১১, সিপিএসসি এর অনুসন্ধানে ঘটনার সত্যতা পেয়ে মদ ও ইয়াবার আখড়া বন্ধ ও জড়িতদের আইনের আওতায় আনার জন্য সোমবার রাতে অভিযান পরিচালনা করে। এ সময় ২১৫ লিটার দেশীয় বাংলা মদ ও ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ চার মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করে। আটককৃতরা হলো—মানিক দাস (৩০), আবু তাহের (৩৩), আলী হোসেন (৫০) ও পপি রানী (২৮)। নারায়ণগঞ্জ সদর মডেল থানায় তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।