ভারতের পাঞ্জাবের একটি বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু কর্নার স্থাপনের উদ্যোগ

আপডেট : ০৪ আগস্ট ২০২১, ০০:২২

ভারতের পাঞ্জাব রাজ্যে অবস্থিত দেশটির অন্যতম বৃহত্ বেসরকারি বিশ্ববিদ্যালয় ‘লাভলি প্রোফেশনাল ইউনিভার্সিটি’তে বঙ্গবন্ধু কর্নার স্থাপিত হতে যাচ্ছে। সম্প্রতি ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ ইমরান পাঞ্জাব সফরকালে বিশ্ববিদ্যালয়টির চ্যান্সেলর অশোক মিত্তালের সঙ্গে বৈঠক করেন। সেখানে এ সিদ্ধান্ত গৃহীত হয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদ্যাপনের অংশ হিসেবে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। পরে এটি একটি পূর্ণাঙ্গ কেন্দ্র হিসেবে গড়ে তোলার ব্যাপারেও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সম্মতি জানিয়েছেন।

ঢাকায় প্রাপ্ত খবরে বলা হয়েছে, ৬০০ একর জমির ওপর অবস্থিত ‘লাভলি প্রোফেশনাল ইউনিভার্সিটি’তে ৫০টির বেশি দেশের ৩ হাজারের বেশি বিদেশিসহ প্রায় ৩৫ হাজার ছাত্রছাত্রী পড়াশোনা করে। বিশ্ববিদ্যালয় পরিদর্শনকালে হাইকমিশনার মোহাম্মদ ইমরান সেখানে অধ্যয়নরত বাংলাদেশি ছাত্রছাত্রীদের সঙ্গেও মতবিনিময় করেন।

বঙ্গবন্ধু কর্নারে জাতির পিতার পূর্ণাঙ্গ প্রতিকৃতি, বঙ্গবন্ধু রচিত ‘অসমাপ্ত আত্মজীবনী’ ও ‘কারাগারের রোজনামচা’সহ বাংলাদেশের ইতিহাস, সংস্কৃতি ও আর্থসামাজিক উন্নয়নসংক্রান্ত বিভিন্ন বইপত্র ও সাময়িকী রাখা হবে। এর পাশাপাশি অডিও-ভিজুয়াল মাধ্যমে তথ্য প্রদানের ব্যবস্থাও থাকবে।