হেলেনা জাহাঙ্গীর ১৪ দিনের রিমান্ডে

আপডেট : ০৪ আগস্ট ২০২১, ০০:২২

হেলেনা জাহাঙ্গীর ফেসবুকে বিভিন্ন মন্ত্রী-এমপিদের নিয়ে কটূক্তি করে রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছেন বলে আদালতে মামলার শুনানিতে দাবি করেছেন রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর (পিপি) আবদুল্লাহ আবু। গতকাল মঙ্গলবার দুই আদালতে হেলেনা জাহাঙ্গীরের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলার রিমান্ড শুনানিতে তিনি এ কথা বলেন।

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিনুর রহমানের আদালত এবং ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নিভানা খায়ের জেসীর আদালত পৃথক চার মামলায় হেলেনা জাহাঙ্গীরের মোট ১৪ দিনের রিমান্ড মঞ্জুর করে। এর মধ্যে পল্লবী থানার চাঁদাবাজির মামলায় চার দিন, একই থানার টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইনের মামলায় চার দিন, গুলশান থানার মাদক মামলায় তিন দিন এবং গুলশান থানার ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় তিন দিন রিমান্ডে নেওয়া হয়।

এদিকে গ্রেফতারকৃত হেলেনা জাহাঙ্গীরের অন্যতম দুই সহযোগীকে গতকাল মঙ্গলবার ভোরে রাজধানীর গাবতলী এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতারকৃত এ দুজন হলেন ‘জয়যাত্রা ফাউন্ডেশন’-এর ডিজিএম হাজেরা খাতুন এবং জয়যাত্রা টিভির প্রতিনিধি সমন্বয়ক সানাউল্ল্যাহ নূরী। তাদের গ্রেফতারের বিষয়ে গতকাল বিকালে র্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে র্যাব। গ্রেফতারকৃত হেলেনা জাহাঙ্গীর মুক্তিযোদ্ধা মন্ত্রীর নাম ভাঙিয়ে কোনো স্বার্থ হাসিল করেছেন কি না তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন র্যাব মুখপাত্র কমান্ডার খন্দকার আল মঈন। 

র্যাব সূত্র জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে হেলেনা জাহাঙ্গীরের প্রতারণার কার্যক্রমের সঙ্গে জড়িত বেশ কয়েকজন সম্পর্কে তথ্য পাওয়া  গেছে। গ্রেফতার দুই সহযোগী প্রাথমিক জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য প্রদান করেছে। 

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার রাতে রাজধানীর গুলশান ২-এ এর বাসায় অভিযান চালিয়ে হেলেনা জাহাঙ্গীরকে আটক করে র্যাব। এ সময় তার বাসা থেকে বিদেশি মদ, হরিণের চামড়া, ক্যাসিনো খেলার সরঞ্জাম, বিদেশি মুদ্রা, ওয়াকিটকি সেট, ড্রোন ক্যামেরা, ক্যাঙ্গারুর চামড়া ও অনেকগুলো চাকু জব্দ করা হয়।