চট্টগ্রাম থেকে প্রকাশিত কয়েকটি দৈনিকে হাইকোর্টের আদেশ নিয়ে অসত্য প্রতিবেদন প্রকাশ করায় উষ্মা প্রকাশ করেছে আদালত। একই সঙ্গে আইপি টিভি নামে বিভিন্ন চ্যানেলের কর্মকাণ্ড নিয়েও প্রশ্ন তুলেছে আদালত। হাইকোর্ট বলেছে, ইদানীং সাংবাদিকতার নামে কি হচ্ছে এগুলো? আইপি টিভি নামে কত চ্যানেল। এসব চ্যানেলের নামে কি হচ্ছে। এর সঙ্গে এক জাহাঙ্গীরের (হেলেনা জাহাঙ্গীর) সম্পৃক্ততা উঠে এসেছে। এগুলো কি লক্ষ্য করেন। বিচারপতি এম ইনায়েতুর রহিমের একক ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ দুদক কৌঁসুলির উদ্দেশ্যে গতকাল মঙ্গলবার এই মন্তব্য করেন।
দুদকের এক কর্মকর্তার বদলির বিষয়ে করা রিট আবেদনের ওপর হাইকোর্টের আদেশ নিয়ে চট্টগ্রাম থেকে প্রকাশিত কয়েকটি দৈনিকে অসত্য প্রতিবেদন প্রকাশের পরিপ্রেক্ষিতে আদালত এ মন্তব্য করে। দুদকের চট্টগ্রাম কার্যালয়ের উপসহকারী পরিচালক মো. শরীফ উদ্দিনের বদলির আদেশ চ্যালেঞ্জ করে দায়েরকৃত রিটের ওপর কোনো আদেশ দেয়নি হাইকোর্ট। কিন্তু এর পরেও কয়েকটি পত্রিকায় এ নিয়ে অসত্য প্রতিবেদন প্রকাশ করা হয়। সেই পরিপ্রেক্ষিতে দৈনিক পূর্বকোন ভুল স্বীকার করে প্রথম পৃষ্ঠায় বক্তব্য প্রকাশ করেছে উল্লেখ করেন দুদক কৌঁসুলি খুরশীদ আলম খান। আদালত বলেন, আর যারা যারা এটা নিয়ে ভুল রিপোর্ট করেছে তাদেরও রিজয়েন্ডার ছাপতে বলুন।
দুদক কৌঁসুলি বলেন, আদালতের আদেশ নিয়ে যে আইনজীবী সনদ দিয়েছেন, সেটি আমার কাছে জাল মনে হয়েছে। সেখানে বিচারপতির নামও ভুল লেখা হয়েছে। আদালত বলে, এটা জাল হয়ে থাকলে এর দায়ভার রিট আবেদনকারীকে নিতে হবে। এটা ধরে নিতে হবে রিট আবেদনকারী ও তার আইনজীবী সম্পৃক্ত। শুনানি শেষে বৃহস্পতিবার এ বিষয়ে আদেশের জন্য দিন ধার্য রেখেছে হাইকোর্ট।
