টুইটারে নিতিন গড়কড়ীকে চ্যালেঞ্জ ছুঁড়ে বিজেপির বিদ্রোহকে উস্কে দিয়েছিলেন রাহুল গান্ধী। গড়কড়ীর জবাবের পর গতকাল ফের সেই প্রসঙ্গ তুলে রাহুল বললেন, বিজেপির সব নেতাই নরেন্দ্র মোদীর কাজের ধরনকে প্রত্যাখ্যান করেছেন। নরেন্দ্র মোদী বুঝতে পারছেন না, তিনি শুধুমাত্র তার নিজেরই নেতা।
একটি ইংরেজি দৈনিকে দেওয়া সাক্ষাত্কারে কংগ্রেস সভাপতি বলেন, ‘আমি যদি নিতিন গড়কড়ী, সুষমা স্বরাজ, রাজনাথ সিংহ কিংবা বিজেপি নেতৃত্বের সঙ্গে কথা বলি, আশ্চর্য হবো না, তারা সকলে নরেন্দ্র মোদীর কাজের ধরনকে প্রত্যাখ্যান করবেন। ফলে বিজেপিতেই বিভাজন আছে। কিন্তু সেটি বাইরে আসছে না ভয়ের জন্যই। ঘরোয়া স্তরে দেখা যাচ্ছে। গোটা দল অপেক্ষা করছে, কবে তাকে দূরে ঠেলে ফেলবে। সেই দিন দূরে নেই।’
ইন্দিরা গান্ধীর সঙ্গে মোদীর তুলনাতেও আপত্তি রয়েছে কংগ্রেস সভাপতির। তার কথায়, ‘এ তুলনা ইন্দিরা গান্ধীর অপমান। ইন্দিরা গরিবদের খেয়াল রাখতেন, সকলকে সঙ্গে নিয়ে চলতেন। ভালোবাসা থেকে কাজ করতেন। মোদী সিদ্ধান্ত নেন রাগ, বিভাজন থেকে। দুর্বল আর গরিবদের পরোয়া করেন না।’ খবর আনন্দবাজার পত্রিকার
ভোটের আগে বিজেপি যতই নেতৃত্বের বিষয়টি সামনে নিয়ে আসুক, রাহুল মনে করেন বিরোধী শিবিরে প্রধানমন্ত্রীর বিষয় নিয়ে কোনও জটিলতা হবে না। রাহুলের মতে, এর আগে বিরোধীদের এভাবে একজোট হতে তিনি দেখেননি। তিন রাজ্যে মোদীর বিরুদ্ধে ক্ষোভ প্রকট হয়েছে। গুজরাটেও কোনোরকমে হার বাঁচিয়েছে বিজেপি। পরের লোকসভায় কোনও রাজ্য থেকে কংগ্রেসের আসন কমবে না বলেই মনে করেন রাহুল।
