রে জা উ ল ক রি ম খো ক ন
গত রোজার ঈদে মুক্তিপ্রাপ্ত ‘রাধে :ইয়ার মোস্ট ওয়ান্টেড ভাই’ ছবিতে ‘আইটেম গার্ল’ হিসেবে পারফর্ম করেছিলেন জ্যাকুলিন ফার্নান্দেজ। ছবিটির বাড়তি আকর্ষণ হিসেবে তার দুর্দান্ত পারফর্মেন্স দর্শকদের জন্য আলাদা আনন্দ দিয়েছে। ‘আইটেম গার্ল’ হিসেবে রূপালি পর্দায় এর আগেও অনেকবার উপস্থিত হয়েছেন তিনি। বড় পর্দার পাশাপাশি মাঝে মধ্যে মিউজিক ভিডিওতে তার চমত্কার গ্ল্যামারাস উপস্থিতি বেশ চোখে পড়েছে ইদানিং। গত বছর ‘গেন্দা ফুল’ আর এ বছর ‘পানি পানি’ পরপর দুটি সুপারহিট মিউজিক ভিডিওতে পারফর্ম করে বাজিমাত করেছেন শ্রীলঙ্কার এই সুন্দরী বলিউড তারকা। করোনার চরম দুঃসময়ের মধ্যে জ্যাকুলিন নিজেকে নানাভাবে আলোচনার কেন্দ্রবিন্দুতে ধরে রেখেছেন। গত বছর মে মাসে মুক্তি পেয়েছিল তার অভিনীত ‘মিসেস সিরিয়াল কিলার’ ছবিটি। থ্রিলার ধাঁচের ছবিটি তেমন সাড়া জাগাতে পারেনি। সাম্প্রতিক বছরগুলোতে নিজের ক্যারিয়ার নিয়ে তার অনেকটাই এগিয়ে থাকার কথা। করোনার অপ্রত্যাশিত প্রকোপে অন্যান্য অনেক জনপ্রিয় তারকার মতো জ্যাকুলিনের ক্যারিয়ারে কিছুটা ছন্দপতন ঘটেছে। তবে ইতিমধ্যে সাময়িক বিপর্যয় কাটিয়ে উঠেছেন তিনি। এই মুহূর্তে তার হাতে বেশ কয়েকটি নতুন ছবি রয়েছে। প্রতিটিতে নায়িকার ভূমিকায় তাকে দেখা যাবে। ৩৫ বছর বয়সী জনপ্রিয় এই সুন্দরী অভিনেত্রী বর্তমানে কাজ করছেন হরর কমেডি ধাঁচের হিন্দি ছবি ‘ভুতপুলিশ’-এ। যেখানে তার সঙ্গে আরো আছেন সাইফ আলি খান, অর্জুন কাপুর এবং ইয়ামি গৌতম। আগামি মাসে ওটিটি প্ল্যাটফর্ম ডিজনি হটস্টারে মুক্তি পাচ্ছে ছবিটি। অ্যাকশন থ্রিলার ছবি ‘অ্যাটাক’-এ অভিনয় করছেন তিনি জন আব্রাহামের বিপরীতে। বাস্তব ঘটনা অবলম্বনে নির্মিত হচ্ছে ছবিটি। এ মাসেই ‘অ্যাটাক’ মুক্তি পাওয়ার কথা থাকলেও করোনা মহামারির দ্বিতীয় ঢেউয়ের কারণে এ ছবির শুটিং বিলম্ব হয়েছে। ফলে যথাসময়ে হয়তো দর্শকদের সামনে আসবে না ছবিটি। কমেডি ধাঁচের ছবি ‘সার্কাস’-এ রণবীর সিংয়ের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করছেন জ্যাকুলিন। যদিও এ ছবিতে আরেকটি প্রধান নারী চরিত্রে পূজা হেগড়েকে দেখা যাবে। চলতি বছরের শেষদিকে দর্শকদের সামনে আসবে ‘সার্কাস’। জনপ্রিয় তারকা অভিনেতা অক্ষয় কুমারের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করছেন ‘বচ্চন পান্ডে’ এবং ‘রামু সেতু’ ছবিতে। দুটি ছবিতেই জ্যাকুলিন ফার্নান্দেজের উপস্থিতি দর্শকদের নানাভাবে আলোড়িত করবে বলে জানা গেছে। অক্ষয় কুমারও তার কাজে বেশ খুশি। হাউজফুল, মার্ডার টু, রেস টু, ব্রাদার্স, ঢিস্যুম, অ্যা জেন্টেলম্যান, জুদওয়া ২ প্রভৃতি ছবিতে তার গ্ল্যামারাস এবং আবেদনময় পর্দা উপস্থিতি বলিউডের গ্ল্যামার আইকন হিসেবে পরিচিত এবং গ্রহণযোগ্য করেছেন জ্যাকুলিন। এরপর যখনই সুযোগ হয়েছে সালমান তাকে নিয়েছেন নিজের ছবিগুলোতে। নায়িকা হিসেবে হোক কিংবা দুর্দান্ত আইটেম গার্ল হিসেবে সালমানের ছবিগুলোতে কাজ করার সুযোগ পাওয়াটা তাকে অনেকটাই এগিয়ে রাখছে বলিউডে। অভিনয়ের বাইরে ব্যক্তিজীবনেও সালমানের সুদৃষ্টি রয়েছে জ্যাকুলিনের প্রতি। আগামীতে ‘কিক টু’ ছবিতে আবার সালমান খানের বিপরীতে তাকে দেখা যাবে বলে নিশ্চিত হয়েছেন তিনি। হিন্দি সিনেমার পাশাপাশি দক্ষিণী চিত্রলোকেও মাঝে মাঝে কাজ করছেন তিনি। বলিউডে গত ১২ বছরের ক্যারিয়ারে নিজেকে আজ পর্যন্ত কতটা সফল মনে করেন—তেমন প্রশ্নের জবাবে জ্যাকুলিন বলেন, ‘আমি অসন্তুষ্ট নই। আমি বঞ্চিত কিংবা পিছিয়ে পড়াদের মধ্যে একজন ভাবি না নিজেকে। শোবিজে নিজের চাহিদা একরকমভাবে দীর্ঘদিন ধরে রাখাটা অনেক কঠিন। তবে আমি সময়ের সঙ্গে তাল মিলিয়ে নিজেকে মানিয়ে নেওয়ার সংগ্রাম করে যাচ্ছি। যার সুফলও পাচ্ছি। এই চরম দুর্দিনেও চার পাঁচটি ছবিতে কাজ করছি। এটা কোনোভাবেই কম নয়। আমি তো নিজেকে ভাগ্যবতী মনে করছি। আমার এখন যা বয়স সে অনুযায়ী নিজেকে ফিট এবং আকর্ষণীয় রাখাটাই হলো চ্যালেঞ্জ। আগামী আরো কয়েক বছর আমি আমার এই চাহিদা ও ব্যস্ততা ধরে রাখতে চাই।’
