রাজৈরে নলকূপ বসাতে গিয়ে বের হচ্ছে গ্যাস

আপডেট : ০৪ আগস্ট ২০২১, ২০:৪৯

টেকেরহাট (মাদারীপুর) সংবাদদাতা

রাজৈরে নলকূপ খননের সময় বের হচ্ছে গ্যাস। এই গ্যাসে আগুন দিলেই জ্বলে উঠছে। যা দুই দিনেও বন্ধ হয়নি। উপজেলার বাজিতপুর ইউনিয়নের সুতারকান্দি গ্রামের মাহফুজ ফকিরের বাড়ির পেছনে  নলকূপ স্থাপনের সময় এ ঘটনা ঘটে। বুধবার ভোরে বের হওয়া গ্যাসে আগুন দিলে জ্বলতে দেখা গেছে।

সরেজমিন ঘুরে জানা যায়, মাদারীপুরের রাজৈর উপজেলার বাজিতপুর ইউনিয়নের সুতারকান্দি গ্রামের মাহফুজ ফকির বাড়ির পেছনের দিকে গভীর নলকূপ বসানোর কাজ শুরু করেন তিন দিন আগে। মঙ্গলবার বিকাল সাড়ে ৪টার দিকে নলকূপ স্থাপনের জন্য ৯৫ ফিট গভীরে পাইপ প্রবেশ করাতেই তা উঠে আসতে শুরু করে। কিছুতেই নিয়ন্ত্রণ করতে পারছেন না শ্রমিকরা। গ্যাস থেকে জ্বলছে আগুন। তাত্ক্ষণিক জনপ্রতিনিধি ও এলাকাবাসীর পক্ষ থেকে ফায়ার সার্ভিস, পুলিশ, উপজেলা প্রশাসন ও জেলা প্রশাসনকে জানানো হয়েছে। পরে রাতে ঘটনাস্থল পরিদর্শন করে ফায়ার সার্ভিস। ভেজানো কাপড় দিয়ে আগুন নিভানোর চেষ্টা করেন তারা। একাধিকবার চেষ্টার পরে এক পর্যায়ে আগুন বন্ধ হয়ে যায়। পরে বুধবার ভোর থেকে আবারও আগুন জ্বলতে দেখে স্থানীয় লোকজন। দুই দিনেও আগুন বন্ধ হয়নি।

মাহফুজ ফকির বলেন, বাড়ির পেছনে নলকূপ বসাতে গেলেই গ্যাসের সঙ্গে আগুন বের হয়। যেখান থেকে গ্যাস বের হচ্ছে, তার পাশেই বাড়ি ও আশপাশের লোকজনের হাঁটাচলার রাস্তা। দ্রুত প্রশাসনের একটি কার্যকর পদক্ষেপ নেওয়া উচিত। স্থানীয় বাসিন্দা আলী হোসেন বলেন, দিনের থেকে রাতে আরো বেশি আকারে গ্যাস থেকে জ্বলে আগুন। বিষয়টি এখনই নিয়ন্ত্রণ করা না গেলে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। রাজৈরের বাজিতপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য তাঁরা মিয়া ব্যাপারী বলেন, ছোট ছোট ছেলেমেয়ে এই রাস্তা দিয়ে চলাচল করে। শিগিগরই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি। মাদারীপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মো. মোফাজ্জেল হোসেন জানান, ফায়ার সার্ভিসের কর্মীদের দায়িত্ব শুধু আগুন লাগলে তা নিয়ন্ত্রণ করা। এর বাইরে কোনো দায়িত্ব নেই। ঘটনাস্থল পরিদর্শন শেষে প্রাথমিক পর্যায়ে নেভানো হয়েছে। বিষয়টি কন্ট্রোলকে জানানো হয়েছে। মাদারীপুরের জেলা প্রশাসক ড. রহিমা খাতুন জানান, প্রশাসনের কর্মকর্তারা বিষয়টি পর্যবেক্ষণ করছেন। এ ব্যাপারে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে জানানো হয়েছে।