মধুখালীতে টানা বৃষ্টিতে মরে যাচ্ছে মরিচগাছ

আপডেট : ০৪ আগস্ট ২০২১, ২০:৪৯

মধুখালী (ফরিদপুর) সংবাদদাতা

মধুখালীতে টানা বৃষ্টিতে মরে যাচ্ছে মরিচগাছ। এতে বিপাকে পড়েছেন চাষিরা। সরজমিনে উপজেলার মেগচামী মাঠ, চর মেগচামী মাঠ, কোরকদি, গাজনা, মথুরাপুর এলাকায় ঘুরে এমন দৃশ্য চোখে পড়ে। মেগচামী গ্রামের কামরুল সরদার বলেন, ভারী বৃষ্টিতে খেত তলিয়ে যাওয়ায় মরিচগাছ মরে যাচ্ছে। এতে প্রায় এক লাখ টাকা লোকসান গুনতে হচ্ছে। চাষি বাদশা মিয়া জানান, তার ২২ শতাংশে জমির মরিচখেত মরে গেছে। উপজেলা কৃষি কর্মকর্তা আলভির রহমান বলেন, চলতি বছর মধুখালীতে ২ হাজার ৬৪০ হেক্টর জমিতে মরিচের চাষ হয়েছে। মরিচখেতে পানি না জমলেও টানা বৃষ্টিতে জমি ভেজা থাকায় মরিচগাছ মরে যায়।