তালা (সাতক্ষীরা) সংবাদদাতা
গত কয়েক দিনের প্রবল বৃষ্টিতে তালার অধিকাংশ এলাকার কৃষকের রোপা আমন, শাকসবজি ও আমন ধানের বীজতলা ক্ষতিগ্রস্ত হয়েছে। চরম সমস্যায় পড়েছেন উপজেলার কৃষকরা। ফলে আমন ধান চাষ নিয়ে শঙ্কায় পড়েছেন তারা। কিন্তু গত কয়েক দিনের টানা বৃষ্টিতে জমিতে পানি জমে থাকায় বীজতলা নষ্ট হয়ে গেছে। নতুন করে বীজতলা তৈরি করে ধান চাষ করা সম্ভব নয় বলে কৃষকরা জানান। তবে অনেকে নতুন করে বীজ কিনে আবার বীজতলা তৈরি করতে শুরু করেছেন। তালার আমতলাডাঙ্গা গ্রামের কৃষক শফিদুল ইসলাম জানান, প্রতি বছর চার-পাঁচ বিঘা জমিতে আমন চাষাবাদ করি। কিন্তু এবার বৃষ্টিতে বীজতলা সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। এখন নতুন করে চারা তৈরি করে ধান রোপণ করা সম্ভব নয়। লক্ষণপুর গ্রামের কৃষক আব্দুর রহমান জানান, বীজতলা নষ্ট হওয়ায় দুশ্চিন্তায় পড়েছেন। তালা উপজেলা কৃষি কর্মকর্তা হাজিরা খাতুন জানান, প্রাকৃতিক দুর্যোগের কারণে বীজতলা নষ্ট হয়ে গেছে। এখন নতুন করে অনেকে বীজতলা তৈরি করছে।
