পৃথক সড়ক দুর্ঘটনায় তিন জনের মৃত্যু

আপডেট : ০৪ আগস্ট ২০২১, ২০:৫২

ইত্তেফাক ডেস্ক

বিভিন্ন স্থানে মঙ্গল ও বুধবার সড়ক দুর্ঘটনায় তিন জনের মৃত্যু হয়েছে। ইত্তেফাক সংবাদদাতাদের পাঠানো খবর।

নগরকান্দা (ফরিদপুর) :নগরকান্দায় বুধবার ভোরে সড়ক দুর্ঘটনায় এক মাছ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। নিহতের নাম অজিদ মালো (৩৮)। ঢাকা-খুলনা বিশ্বরোডের উপজেলার কাইলার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। অজিদ উপজেলার পুরাপাড়া ইউনিয়নের ব্রাহ্মণডাঙ্গা গ্রামের অখিল মালোর ছেলে। পুরাপাড়া ইউপি চেয়ারম্যান আ. সোবহান মিয়া দুর্ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, পরিবারের পক্ষে কোনো অভিযোগ না থাকায় থানা থেকে লাশ এনে সত্কার সম্পন্ন করা হয়েছে।

আদমদীঘি (বগুড়া) :আদমদীঘিতে মঙ্গলবার সন্ধ্যায় মোটরসাইকেলের ধাক্কায় এক পথচারীর মৃত্যু হয়েছে। নিহতের নাম মজিবর রহমান (৯০)। পুলিশ লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে। তিনি উপজেলার ছোট আখিড়া গ্রামের নজিবুল্যাহর ছেলে। বগুড়া-নওগাঁ মহসড়কের উপজেলার ইন্দ্রইল ব্রিজের কাছে রাস্তা পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে। ওসি জালাল উদ্দীন বলেন, পরিবারের লোকজন বাদী না হওয়ায় লাশ পরিবারের কাছে দেওয়া হয়েছে।

লোহাগাড়া (চট্টগ্রাম) :লোহাগাড়ায় মঙ্গলবার সন্ধ্যায় পাওয়ার টিলারের ধাক্কায় এক কাপড় ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। নিহতের নাম মো. আবদুল্লাহ (৫৫)। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলার আমিরাবাদ কিল্লার আন্দর এলাকায়  এ দুর্ঘটনা ঘটে। দোহাজারী হাইওয়ে থানার ওসি মো. আবদুর বর সড়ক দুর্ঘটনায় এক জনের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।