স্টাফ রিপোর্টার, রংপুর
রংপুর নগরবাসীকে করোনার টিকা গ্রহণে আহ্বান জানিয়েছেন রংপুর সিটি করপোরেশনের মেয়র মো. মোস্তাফিজার রহমান মোস্তফা। তিনি বলেছেন, আগামী ৭ আগস্ট থেকে রংপুর সিটি করপোরেশন এলাকায় ওয়ার্ডে ওয়ার্ডে ১৮ বছরের ঊর্ধ্বে নগরীর সবাইকে টিকা দেওয়া হবে। আগামী ৭ থেকে ১২ আগস্ট পর্যন্ত রংপুর সিটি করপোরেশনের ওয়ার্ড পর্যায়ে করোনার টিকাদান কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে রংপুর সিটি করপোরেশনের সভা কক্ষে মঙ্গলবার বিকালে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। মেয়র মোস্তফা আরো বলেন, প্রত্যেককে রংপুর সিটি করপোরেশন থেকে টিকা কার্ড গ্রহণ করতে হবে। জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ও মোবাইল নম্বরসহ সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলরের সিল ও স্বাক্ষর নিয়ে নির্ধারিত টিকাদান কেন্দ্রে গিয়ে টিকা গ্রহণ করতে হবে। রংপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন মিঞার সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন রংপুর সিটি করপোরেশনের সচিব মো. রাশেদুল হক, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. কামরুজ্জামান ইবনে তাজ প্রমুখ।
