কিট সংকটে পটিয়ায় করোনা পরীক্ষা ব্যাহত

আপডেট : ০৪ আগস্ট ২০২১, ২০:৫৩

পটিয়া (চট্টগ্রাম) সংবাদদাতা

করোনা শনাক্তকরণে ব্যবহূত কিট সংকটের কারণে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এন্টিজেন্ট পরীক্ষা ব্যাহত হচ্ছে। ফলে করোনা পরীক্ষা করতে আসা জনসাধারণের মধ্যে ২৫ জনের অধিক পরীক্ষা করা সম্ভব হচ্ছে না।  জানা গেছে, গত ১৬ মে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এন্টিজেন্ট পরীক্ষার মাধ্যমে করোনা পরীক্ষা কেন্দ্র স্থাপন করা হয়। এ কেন্দ্রে প্রতিদিন শতাধিক করোনা রোগীর পরীক্ষা করা হতো। সম্প্রতি পরীক্ষার কিট সরবরাহ কমে আসায় শুধু হাসপাতালে চিকিত্সারত রোগীদের করোনা পরীক্ষা করা হচ্ছে। করোনা শনাক্তের জন্য হাসাপাতালে আসা বহিরাগত রোগীদের মধ্যে শুধু ২৫ জনের স্যাম্পল নেওয়া হচ্ছে। সেগুলো চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়ে করোনা শনাক্ত করা হচ্ছে। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সব্যসাচী নাথ জানান, সিভিল সার্জন অফিস থেকে করোনা শনাক্তকরণ কিট সরবরাহ কমে যাওয়ায় পটিয়া হাসপাতালে এন্টিজেন্ট পরীক্ষার মাধ্যমে করোনা পরীক্ষা করা সম্ভব হচ্ছে না। এ ব্যাপারে তিনি জেলা সিভিল সার্জনকে জানিয়েছেন। কিট সরবরাহ বাড়লে আগের মতো নিয়মিতভাবে আসা সব রোগীরই করোনা পরীক্ষা করা সম্ভব হবে বলে জানান তিনি।