বশেমুরবিপ্রবি সংবাদদাতা
গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) অনলাইনে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে প্রশাসন। এ বিষয়ে নীতিমালা তৈরির জন্য ১১ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। বুধবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. আবদুর রউফ স্বাক্ষরিত এক অফিস আদেশ থেকে এ তথ্য জানা গেছে। অফিস আদেশে বলা হয়েছে, অনলাইনে পরীক্ষা গ্রহণের বিষয়ে গত ৩ আগস্ট বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় সভাপতিদের সঙ্গে উপাচার্যের জুম মিটিংয়ের মাধ্যমে সভা অনুষ্ঠিত হয়। সভায় বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা চিন্তা করে অনলাইনে পরীক্ষা গ্রহণের বিষয়ে কার্যক্রম শুরু করার লক্ষ্যে একটি নীতিমালা প্রণয়নের জন্য বিশ্ববিদ্যালয়ের সব অনুষদের ডিনসহ কয়েকটি বিভাগের শিক্ষক ও কর্মকর্তাদের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী ৮ আগস্টের মধ্যে নীতিমালা প্রণয়ন করে উপাচার্যের কাছে জমা দিতে বলা হয়েছে। কমিটিতে সভাপতি করা হয়েছে কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মোজাহার আলী এবং সদস্য সচিব আইন অনুষদের ডিন ড. মো. রাজিউর রহমান।
