সংবাদ সংক্ষেপ

আপডেট : ০৪ আগস্ট ২০২১, ২০:৫৪

পিরোজপুরে বৃক্ষরোপণ

পিরোজপুর অফিস জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৪৬তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে পিরোজপুর জেলা কারাগারের ভেতরে ও পাশে বৃক্ষরোপণ করেছে যুবলীগ। বুধবার দুপুরে যুবলীগের ব্যানারে পিরোজপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাকসুদুর ইসলাম লিটন এ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা কারাগারের জেল সুপার মো. শামীম ইকবাল, সাবেক জেলা ছাত্রলীগ নেতা সামসুল আলম লিটন, সাবান আলী, রাসেল আহম্মেদ সুপন, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাবেক সহসভাপতি নাফি আল মুনান প্রমুখ।

টিকা কার্যক্রম সফল করতে সভা

আশুগঞ্জ (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা আগামী ৭ আগস্ট থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে করোনা টিকা প্রদান কার্যক্রম সফল করতে প্রশাসনের কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদ হলরুমে করোনা সংক্রান্ত উপজেলা কমিটির উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. হানিফ মুন্সি। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অরবিন্দ বিশ্বাস।

স্বাস্থ্য কর্মকর্তা-সাংবাদিক মতবিনিময়

বকশীগঞ্জ (জামালপুর) সংবাদদাতা করোনা টিকাদানের সার্বিক বিষয় নিয়ে বকশীগঞ্জে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রতাপ নন্দী। বুধবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন বকশীগঞ্জ প্রেসক্লাব সভাপতি এম শাহীন আল আমীন, সাধারণ সম্পাদক আবদুল লতিফ লায়ন ও সাংবাদিক আলহাজ সরকার আবদুর রাজ্জাকসহ বিভিন্ন মিডিয়ার সাংবাদিকরা।

করোনার টিকা দিতে অ্যাডভোকেসি সভা

কলারোয়া (সাতক্ষীরা) সংবাদদাতা ওয়ার্ড পর্যায়ে করোনার টিকা প্রদান কার্যক্রম উপলক্ষ্যে কলারোয়ায় অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা মিলনায়তনে এ সভার আয়োজন করে উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা জুবায়ের হোসেন চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মুস্তফা লুত্ফুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু এবং উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডাক্তার জিয়াউর রহমান।

বাল্যবিবাহ প্রতিরোধে আলোচনা

কোটালীপাড়া (গোপালগঞ্জ) সংবাদদাতা উপজেলায় মাদক, জুয়া, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধকল্পে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলার কাকডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে পিঞ্জুরী ইউনিয়ন বিট পুলিশিংয়ের উদ্যোগে ও কোটালীপাড়া থানা পুলিশের আয়োজনে এ আলোচনাসভা অনুষ্ঠিত হয়। পিঞ্জুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু ছাইদ শিকদারের সভাপতিত্বে এতে আলোচনা করেন ওসি মো. আমিনুল ইসলাম, এসআই সামচুল হক, ইউপি সদস্য ইলিয়াস হোসেন খান প্রমুখ।

মির্জাপুরে প্রস্তুত ৪৫ টিকাকেন্দ্র

মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা মির্জাপুরে ৪৫ কেন্দ্র টিকা প্রদানের জন্য প্রস্তুত করেছেন উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ। বুধবার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাকসুদা খানম এ তথ্য জানিয়েছেন। উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মোজাম্মেল হক জানান, স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য এলাকার জনগণকে উদ্বুদ্ধ করা হচ্ছে। সর্বশেষ সরকারি নির্দেশনায় টিকা প্রদানের প্রস্তুতি নেওয়া হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাফিজুর রহমান বলেন, ৪৫ টি টিকাদান কেন্দ্র চালু করা হয়েছে।

করোনা প্রতিরোধ বুথ উদ্বোধন

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) সংবাদদাতা পীরগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে করোনা প্রতিরোধ বুথ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বিকালে পৌর শহরের পশ্চিম চৌরাস্তায় স্বেচ্ছাসেবক লীগ চত্বরে বুথ উদ্বোধন করা হয়। উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি রাজিউর রহমানের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন পীরগঞ্জ আওয়ামীলীগ সভাপতি ও সাবেক এমপি ইমদাদুল হক, সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক বিপ্লব, সহসভাপতি শামিমুজামান, সাংগঠনিক সম্পাদক মাহাবুবুর রহমান জেমস প্রমুখ।