ইত্তেফাক রিপোর্ট
চলমান করোনা ভাইরাস সংকটে ক্ষতিগ্রস্ত অসহায় জনগোষ্ঠীকে জরুরি সহায়তা সামাজিক দায়বদ্ধতা কার্যক্রম বা সিএসআরে আশানুরূপ সাড়া দিচ্ছে ব্যাংকগুলো। এ বিষয়ে সতর্ক করেছে কেন্দ্রীয় ব্যাংক। একই সঙ্গে চলতি বছরের ৩০ সেপ্টেম্বরের মধ্যে তৃণমূল পর্যায়ে হতদরিদ্র, সুবিধা-বঞ্চিত মানুষের মধ্যে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী ও স্বাস্থ্যসেবা পৌঁছানো নিশ্চিত করে বিশেষ সিএসআর কার্যক্রম বাড়াতে নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল বুধবার বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে এ সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়েছে।
সব তপশিলি ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো প্রজ্ঞাপনে বলা হয়, চলতি বছরের ১৪ জুলাই পর্যন্ত ব্যাংকগুলোর জেলা প্রশাসক, নিজস্ব ব্যবস্থাপনা ও সেনা কল্যাণ সংস্থার মাধ্যমে বিশেষ সিএসআর কার্যক্রমের অগ্রগতি আশানুরূপ নয়। ফলে এ বিশেষ কার্যক্রমের আওতায় আপনাদেরকে তৃণমূল পর্যায়ে হতদরিদ্র, সুবিধা-বঞ্চিত মানুষের মধ্যে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী ও স্বাস্থ্যসেবা পৌঁছানো নিশ্চিতকল্পে সক্রিয় ভূমিকা রেখে এ বিশেষ কার্যক্রমকে বেগবান করার পরামর্শ দেওয়া যাচ্ছে। এ লক্ষ্যে বিশেষ সিএসআর খাতে নির্দিষ্ট অর্থ বিতরণের সময়সীমা চলতি বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হলো।
প্রজ্ঞাপনে আরো বলা হয়, সিএসআর কার্যক্রম নির্ধারিত সময়সীমার মধ্যে বাস্তবায়ন তদারকি নিশ্চিত করতে নির্ধারিত ছকে পাক্ষিক ভিত্তিতে অগ্রগতি প্রতিবেদন দাখিল করতে হবে। এ লক্ষ্যে ৩০ জুলাই ভিত্তিক প্রথম প্রতিবেদন আগামী ১০ আগস্টের মধ্যে দিতে হবে। অন্যান্য পাক্ষিক প্রতিবেদন (প্রতি মাসের ১৫ ও ৩০ তারিখ ভিত্তিক) প্রতি পক্ষকাল শেষ হওয়ার পরবর্তী তিন কর্মদিবসের মধ্যে সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টে মহাব্যবস্থাপকের কাছে দাখিল করতে বলা হয়েছে।
